শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২১, ২৪-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রংপুর বিভাগের আট জেলার মানুষের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র রমেক হাসপাতালে রোগী নিয়ে পৌঁছানোর পর থেকেই ভোগান্তির শুরু। অভিযোগ রয়েছে, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের একাংশ রোগী পরিবহনের ট্রলি নিয়ে প্রতিযোগিতা করেন। রোগী আনা-নেওয়ার জন্য ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। এ ছাড়া ভর্তি ফরম নেওয়ার সময় খুচরা টাকার অজুহাতে বাড়তি অর্থ, বেড পেতে হয়রানি এবং লিফট ব্যবহারে ১০ থেকে ৫০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অর্থ একটি সিন্ডিকেটের মাধ্যমে ভাগবাটোয়ারা হয় বলেও দাবি সংশ্লিষ্টদের।
ভুক্তভোগী আফতাব হোসেনের অভিযোগ, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সুবিধা না থাকায় অনেকটা বেসরকারি ক্লিনিকের মতো খরচ হচ্ছে। রোগী পরিবহনের ট্রলি ব্যবহার করতেও ১০০ থেকে ১৫০ টাকা দিতে হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে নগরীর শাপলা চত্বর থেকে সিটি কর্পোরেশনের অ্যাম্বুলেন্সে এক মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের সামনে পৌঁছানোর পরই ট্রলি নিয়ে দুই ব্যক্তি ছুটে আসেন। শেষ পর্যন্ত একজনের ট্রলিতে রোগীকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক রোগী না দেখেই স্বজনদের কাছ থেকে তথ্য নিয়ে দ্রুত ইসিজি করানোর জন্য পাঠান।
ওই রোগীর স্বজন মেহেদী হাসান অভিযোগ করেন, ইসিজি করাতে রোগীকে লিফটে ওঠানোর সময় লিফটম্যান বকশিস চান। রোগীর জীবন নিয়ে স্বজনরা যখন উদ্বিগ্ন, তখনো চা খাওয়ার জন্য ২০ টাকা চাওয়া হয়। শেষ পর্যন্ত রোগী মারা যান। তার মরদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের।
মেহেদী হাসান বলেন, সরকারি হাসপাতালে মানুষ সেবা নিতে যায়, টাকা দিতে নয়। কিন্তু এখানে চিকিৎসক ও ইন্টার্ন ছাড়া অন্যদের যেন বাণিজ্যসেবায় আগ্রহ বেশি। রাতে রোগী নিয়ে গেলে পদে পদে ভোগান্তি পোহাতে হয়। ট্রলি থেকে শুরু করে সবখানে টাকা ছাড়া সেবা মেলে না।
এদিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন মাস্ক ও ক্যাথল্যাবের যন্ত্রপাতির সংকট রয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের বাইরে থেকে সেবা ও সামগ্রী কিনতে হচ্ছে। এতে দালালচক্রের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
জানা গেছে, হৃদরোগ বিভাগের ক্যাথল্যাবের দুটি মেশিনের একটি দীর্ঘদিন ধরে বিকল। একমাত্র সচল মেশিন দিয়ে এনজিওগ্রাম, স্টেন্ট বা রিং বসানো এবং পেসমেকার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা চলছে। এতে রংপুর বিভাগের আট জেলার হৃদরোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। অনেক রোগীকে অপেক্ষা করতে হচ্ছে, আবার গুরুতর রোগীদের যেতে হচ্ছে ঢাকায়।
হাসপাতালের হৃদরোগ বিভাগের সামনে মরদেহ নামানোর স্ট্রেচার নিয়েও রোগীর স্বজনদের সঙ্গে দালালদের বাগ্বিতণ্ডার অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শী কামরুল হাসান বলেন, স্বজন হারানোর শোকের মধ্যেও অসহায় পরিবারের সঙ্গে টাকা নিয়ে তর্কে জড়ান দালালরা। কয়েক দিন আগে মাত্র ১৫০ টাকা দিতে না পারায় এক পরিবারের সঙ্গে স্ট্রেচার নিয়ে বিরোধ হয়।
অপরদিকে, হাসপাতালের কিডনি চিকিৎসা ও হেমোডায়ালাইসিস ইউনিটেও সংকটের অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ডায়ালাইসিসে মেশিন ব্যবহারের চার্জ ৪৪০ টাকা। আনুষঙ্গিক সরঞ্জাম ও ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করার কথা। তবে কয়েকটি মেশিন অকেজো এবং প্রায় এক বছর ধরে ডায়ালাইজার, ব্লাড লাইনার ও রেনাল কেয়ার সামগ্রীর সরবরাহে ঘাটতি রয়েছে বলে অভিযোগ রোগীদের। ফলে বাইরে থেকে চড়া দামে এসব সামগ্রী কিনতে হচ্ছে। কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে।
দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুর জেলার সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, দেশের ৫৫ শতাংশ মানুষ এখনো মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা দিতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিতে গিয়ে দেশের ৬৭ শতাংশ মানুষকে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে। এতে প্রতি বছর ৫ শতাংশ মানুষ সহায়-সম্বলহীন হয়ে পড়ছেন, যা সর্বজনীন স্বাস্থ্যসেবার পরিপন্থী। স্বাস্থ্যসেবা নিতে গিয়ে মানুষের ব্যক্তিগত ব্যয় কমাতে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
২০১০ সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ৬০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়। তবে বর্তমানে প্রতিদিন ২ হাজার থেকে ৩ হাজার রোগী ভর্তি থাকেন। রোগীর চাপ বাড়লেও সেই অনুপাতে অবকাঠামো ও জনবল বাড়েনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডা: আলফে সানি মৌদুদ আহমেদ বলেন, হাসপাতালের শয্যাসংখ্যা চার থেকে পাঁচ গুণ বাড়ানো গেলে অনেক সংকটের সমাধান সম্ভব।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, জনবলসহ নানা সংকটের মধ্যেও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ চলছে। সামনে নতুন চিকিৎসক নিয়োগের সরকারি পরিকল্পনা রয়েছে। তারা যোগ দিলে সংকট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এমপি/ আরআই