ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

রাবির ইনসাইট ল্যাবে যাচাই হবে ওষুধের কার্যকারিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৬, ২০-১১-২০২৬

রাবির ইনসাইট ল্যাবে যাচাই হবে ওষুধের কার্যকারিতা

ছবি: মেডিকেল পোস্ট

ওষুধের কার্যকারিতা, নিরাপত্তা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া যাচাইয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হয়েছে বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ‘ইনসাইট ল্যাব’। এ ল্যাবে ওষুধের কার্যকারিতা, নির্ধারিত মাত্রায় এর প্রভাব এবং সম্ভাব্য বিষক্রিয়া পরীক্ষা করা হবে। পাশাপাশি ভ্যাকসিনের কার্যকারিতাও যাচাইয়ের সুযোগ থাকবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগে ল্যাবটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওষুধের কার্যকারিতা, স্বাস্থ্যঝুঁকি, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণের উদ্দেশ্যে ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) হিসেবে এটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়েছে। কৃষি অনুষদে অবস্থিত ল্যাবটির অধীনে বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) সুবিধাও রয়েছে।

ল্যাবটিতে টক্সিকোলজিক্যাল প্যাথলজি, অ্যানিমেল হাজবেন্ড্রি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রিসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন। টক্সিকোলজিক্যাল প্যাথলজিতে অধ্যাপক ড. মো. গোলবার হোসেন, অ্যানিমেল হাজবেন্ড্রিতে ড. শরীফুল ইসলাম, অ্যানাটমিতে ড. শাহ মো. আব্দুর রউফ, মাইক্রোবায়োলজিতে ড. মোছা. ইসমত আরা বেগম এবং বায়োকেমিস্ট্রিতে ড. ফরহাদুল ইসলাম দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুই এমফিল শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও রিফায়েত করিম গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন।

ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. গোলবার হোসেন বলেন, কোনো ওষুধ বাজারজাত করার আগে প্রাণীদেহে এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রি-মার্কেটিং পরীক্ষা করাই এ ল্যাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ওষুধে বিষক্রিয়া বা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, তাও পরীক্ষা করা যাবে।

তিনি জানান, ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে ল্যাবটির সঙ্গে যোগাযোগ করবে। এরপর পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। সেই ফলাফলের ভিত্তিতে কর্তৃপক্ষ ওষুধ বাজারজাতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ ছাড়া কোনো ভ্যাকসিন শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম কি না এবং তৈরি হলে তা কত দিন রোগ প্রতিরোধে কার্যকর থাকে, সেটিও এ ল্যাবে পরীক্ষা করা যাবে বলে জানান তিনি।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. কে এম মোজাফফর হোসেন বলেন, উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি ওষুধ পরীক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে তাদের সঙ্গে যোগাযোগ করছে। ল্যাবটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এসব কোম্পানিকে আর ঢাকায় যেতে হবে না। তারা এখানেই ওষুধ পরীক্ষা করে প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, কার্যক্রমটি মাত্র শুরু হয়েছে। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আশা করি, ভবিষ্যতে এটি পূর্ণাঙ্গ রূপ পাবে।

তিনি আরও বলেন, করোনাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ইনসাইট ল্যাবের মতো বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাব না থাকায় প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হয়নি। এ ধরনের ল্যাবের কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন করতে পারলে ভবিষ্যতে করোনার মতো মহামারিসহ নতুন ও উদীয়মান রোগ নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়বে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন