ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০২ জমাদিউস সানি ১৪৪৮

আফগানিস্তানে নারীদের চিকিৎসাসেবায় তালেবানের বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪১, ১২-১১-২০২৬

আফগানিস্তানে নারীদের চিকিৎসাসেবায় তালেবানের বিধিনিষেধ

ছবি: মেডিকেল পোস্ট

আফগানিস্তানে মাহরাম বা পুরুষ সঙ্গী উপস্থিত না থাকলে নারী রোগীদের চিকিৎসা না দিতে পুরুষ চিকিৎসকদের ‘অঘোষিত’ নির্দেশনা দিয়েছে তালেবান সরকার। পাশাপাশি নারী নার্স বা নারী স্বাস্থ্যকর্মী উপস্থিত না থাকলেও নারী রোগীদের চিকিৎসা দিতে বাধা দেওয়া হচ্ছে। এ নির্দেশনা মানতে পুরুষ চিকিৎসকদের বাধ্য করছে তালেবান যোদ্ধারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে গত জুলাইয়ের একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। ফরিদা (ছদ্মনাম) নামে এক নারী দাঁতের তীব্র ব্যথা নিয়ে একটি ক্লিনিকে যান। পরীক্ষা-নিরীক্ষার পর দন্তচিকিৎসক তাকে জানান, তার একাধিক দাঁত ফেলে নতুন করে লাগাতে হবে। এ জন্য তাকে কয়েকবার ক্লিনিকে আসতে হবে। তিনি তিনবার ক্লিনিকে গেলেও পরে ফোন করে তাকে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যেন তিনি আর না আসেন। কারণ জানতে চাইলে ক্লিনিক থেকে বিশেষ পরিস্থিতির কথা জানানো হয়। তবে এরপর আর তাকে ফোন করা হয়নি।

উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক শামীম (ছদ্মনাম) নারী রোগীদের পুরুষ চিকিৎসকদের চিকিৎসা না দেওয়ার অঘোষিত নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের সরাসরি নারী রোগীদের পরীক্ষা করার সুযোগ নেই, কারণ আমরা তাদের মাহরাম নই। রোগীর অবস্থা যাই হোক, গুরুতর বা কম ভালো, এ ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।’

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষ চিকিৎসকদের দিয়ে নারীদের চিকিৎসায় বাধা দেওয়া হলেও ২০২৪ সাল থেকে নারীদের চিকিৎসাবিদ্যা পড়া বন্ধ রেখেছে তালেবান সরকার। পাশাপাশি হাসপাতালগুলোতে নারী চিকিৎসক নিয়োগের ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে। বর্তমানে যেসব নারী চিকিৎসক সেবা দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও মাহরাম সঙ্গে রাখার বাধ্যবাধকতা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক নারী রোগী তার বাবাকে সঙ্গে নিয়ে একজন পুরুষ চিকিৎসকের কাছে গেলেও চিকিৎসা পাননি। ওই চিকিৎসক তাকে জানান, অন্য কোনো নারী মাহরাম নিয়ে এলে তবেই তাকে পরীক্ষা করা হবে। শারীরিক পরীক্ষার প্রয়োজনে ওই নারী সহায়তা করতে পারবেন বলে তাকে অপেক্ষা করতে বলা হয়। চিকিৎসকের চেম্বারে কোনো নারী কর্মী না থাকায় অন্য নারীর উপস্থিতির জন্য অপেক্ষা করতে হয় তাকে।

এমপি/ আরআই

আরও পড়ুন