ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২১, ১৭-১১-২০২৬

হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

ছবি: মেডিকেল পোস্ট

দীর্ঘ ২৬ বছর ধরে ধরে রাখা হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। এ মর্যাদা ফিরে পেতে দেশটিকে টিকাদান কার্যক্রম জোরদার এবং রোগ নজরদারি ব্যবস্থা উন্নত করতে হবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, হাম প্রতিরোধে জনগোষ্ঠীর অন্তত ৯৫ শতাংশকে দুই ডোজ টিকার আওতায় আনতে হবে।

গতকাল (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) গত শুক্রবার এক চিঠিতে যুক্তরাষ্ট্রকে হাম নির্মূলের মর্যাদা হারানোর বিষয়টি জানিয়েছে। মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে সংস্থাটির।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তিন দশকের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বর্তমানে সবচেয়ে বেশি হাম রোগী শনাক্ত হচ্ছে। ২০২৫ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৭ হাজার ৭০০ মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে টিকাদানের হার কমেছে এবং টিকা নিয়ে মানুষের অনীহা বেড়েছে।

হাম নির্মূলের মর্যাদা ফিরে পেতে হলে টানা ১২ মাস রোগটির সংক্রমণ বন্ধ থাকার প্রমাণ দিতে হবে। পাশাপাশি কার্যকর ও উন্নত রোগ নজরদারি ব্যবস্থা থাকার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

ব্রাউন ইউনিভার্সিটির প্যান্ডেমিক সেন্টারের পরিচালক জেনিফার নুজো বলেন, পেনসিলভানিয়া, নিউইয়র্ক ও উইসকনসিনের মতো এলাকায় এখনো হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। দেশজুড়ে সংক্রমণ বন্ধ হয়েছে, এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই। তার মতে, যুক্তরাষ্ট্রে হাম আক্রান্তের সব ঘটনা শনাক্ত হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারির সময় ও পরবর্তী সময়ে টিকাদানের ওপর মানুষের আস্থা কমেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকার নিরাপত্তা নিয়ে বিভিন্ন বক্তব্যও মানুষের উদ্বেগ বাড়িয়েছে।

এমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াল্টার ওরেনস্টেইন বলেন, সংক্রমণ বন্ধ করতে হলে প্রায় সব জনগোষ্ঠীর মধ্যে টিকাদানের হার বাড়াতে হবে। তার মতে, এমএমআর টিকার দুই ডোজ হাম প্রতিরোধে ৯৭ শতাংশ কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, গোষ্ঠীগত সুরক্ষা নিশ্চিত করতে অন্তত ৯৫ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দিতে হবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন পর্যায়ের শিশুদের মধ্যে হাম টিকার আওতা ছিল ৯২ দশমিক ৪ শতাংশ। তবে দেশটির কিছু এলাকায় এ হার অনেক কম। চলতি বছরের শুরুতে সাউথ ক্যারোলাইনায় হামের প্রাদুর্ভাবের সময় স্পার্টানবার্গ কাউন্টির কয়েকটি স্কুলে টিকাদানের হার মাত্র ২০ শতাংশে নেমে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের পাশাপাশি রোগ শনাক্ত ও পরীক্ষার জন্য নজরদারি নেটওয়ার্ক উন্নত করা এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুসরণ করে সংক্রমণের শৃঙ্খল ভাঙার সক্ষমতা বাড়াতে হবে।

ওরেনস্টেইন আরও বলেন, বৈশ্বিক টিকাদান কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সহায়তা পুনরায় শুরু করাও জরুরি। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে। গত দুই বছরে যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া হামের প্রতিটি সংক্রমণের উৎস ছিল বিদেশ থেকে আসা ভাইরাস। বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরে আসা ব্যক্তিদের মাধ্যমে এসব সংক্রমণ ছড়িয়েছে বলে জানান তিনি।

এমপি/ আরআই

আরও পড়ুন