ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

স্তন ক্যান্সারের নতুন ওষুধে অনুমোদন দিল এফডিএ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১০, ১৭-১১-২০২৬

স্তন ক্যান্সারের নতুন ওষুধে অনুমোদন দিল এফডিএ

ছবি: মেডিকেল পোস্ট

অগ্রসর পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যান্সারের চিকিৎসায় রোশের তৈরি মুখে খাওয়ার ওষুধ গিরেডেস্ট্র্যান্টের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ (ইআর-পজিটিভ), এইচইআর২-নেগেটিভ এবং ইএসআর১ জিনে মিউটেশন থাকা রোগীদের চিকিৎসায় এ ওষুধ ব্যবহার করা যাবে।

গতকাল (১৬ নভেম্বর) এ অনুমোদনের কথা জানায় যুক্তরাষ্ট্রের এফডিএ। ওষুধটি এভারোলিমাসের সঙ্গে সমন্বয়ে ব্যবহার করতে হবে। যেসব প্রাপ্তবয়স্ক রোগীর ক্যান্সার হরমোনভিত্তিক চিকিৎসা চলাকালে বা চিকিৎসার পর ফিরে এসেছে কিংবা আরও ছড়িয়ে পড়েছে, তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা যাবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০৭ জন রোগীর ওপর পরিচালিত শেষ পর্যায়ের এক গবেষণায় গিরেডেস্ট্র্যান্ট ও এভারোলিমাসের সমন্বিত চিকিৎসায় রোগের অগ্রগতি বা মৃত্যুর ঝুঁকি ৬২ শতাংশ কমেছে। এ চিকিৎসায় রোগের অগ্রগতি ঠেকিয়ে রাখার মধ্যম সময় ছিল ১০ মাস। অন্য একটি হরমোনভিত্তিক চিকিৎসার সঙ্গে এভারোলিমাস ব্যবহারে এ সময় ছিল ৫ দশমিক ৫ মাস।

রোশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ওষুধটির মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ ডলার। উইলসার্ডলি নামে বাজারজাত হতে যাওয়া ওষুধটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গিরেডেস্ট্র্যান্ট এমন এক শ্রেণির ওষুধ, যা ইস্ট্রোজেন রিসেপ্টর ভেঙে ফেলতে কাজ করে। নির্দিষ্ট কিছু স্তন ক্যান্সারের কোষের বৃদ্ধিতে এ রিসেপ্টর ভূমিকা রাখে। ইএসআর১ জিনে মিউটেশন হলে রিসেপ্টর সক্রিয় থেকে যেতে পারে এবং হরমোনভিত্তিক চিকিৎসার বিরুদ্ধে ক্যান্সার প্রতিরোধক্ষমতা তৈরি হতে পারে। অন্যদিকে, এভারোলিমাস ক্যান্সার কোষের বৃদ্ধির পৃথক একটি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। ফলে দুটি ওষুধ একসঙ্গে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, একই ধরনের স্তন ক্যান্সারের চিকিৎসায় এলি লিলির ইনলুরিও ওষুধও অনুমোদিত রয়েছে। এটি ভার্জেনিওর সঙ্গে ব্যবহার করা হয়।

এদিকে, প্রাথমিক পর্যায়ের স্তন ক্যান্সারে অস্ত্রোপচারের পর চিকিৎসা হিসেবেও গিরেডেস্ট্র্যান্ট ব্যবহারের অনুমোদন পেতে কাজ করছে রোশ। এ বিষয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমপি/ আরআই

আরও পড়ুন