ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

আলঝেইমারের পরীক্ষামূলক ওষুধে দুই বছরে বেড়েছে কার্যকারিতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৫৭, ১৮-১১-২০২৬

আলঝেইমারের পরীক্ষামূলক ওষুধে দুই বছরে বেড়েছে কার্যকারিতা

ছবি: মেডিকেল পোস্ট

আলঝেইমার রোগের চিকিৎসায় বায়োজেনের পরীক্ষামূলক ওষুধ ডিরানারসেনের কার্যকারিতা দুই বছরের পরীক্ষায় আরও বেড়েছে। প্রাথমিক পর্যায়ের রোগীদের ওপর চালানো মধ্যপর্যায়ের এক গবেষণায় দেখা গেছে, ওষুধটির কম মাত্রার প্রয়োগে রোগীদের চিন্তাশক্তি ও স্মৃতিশক্তির অবনতি ৩৮ শতাংশ ধীর হয়েছে।

গতকাল (১৭ নভেম্বর) প্রকাশিত গবেষণার ফলাফলে বলা হয়েছে, ওষুধটির ৬০ মিলিগ্রাম মাত্রা বছরে দুবার মেরুদণ্ডের তরলের মধ্যে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। এতে ১৮ মাসে রোগের অগ্রগতি ২৬ শতাংশ ধীর হওয়ার যে ফল পাওয়া গিয়েছিল, দুই বছর শেষে তা বেড়ে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে।

গবেষণায় ওষুধটির বেশি মাত্রা—১১৫ মিলিগ্রাম বছরে দুই বা চারবার প্রয়োগ করেও পরীক্ষা করা হয়। তবে এসব ক্ষেত্রে রোগের অগ্রগতি ধীর হওয়ার হার ছিল তুলনামূলক কম, ৯ থেকে ১৪ শতাংশ।

বায়োজেনের ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ডায়ানা গ্যালাঘার বলেন, দুই বছরের ফলাফলে রোগীদের ক্লিনিক্যাল ডিমেনশিয়া রেটিং-সাম অব বক্সেস (সিডিআর-এসবি) স্কেলে এক পয়েন্টের বেশি উন্নতি দেখা গেছে, যা চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

গবেষকদের মতে, টাউ প্রোটিনের মাত্রা কমিয়ে আলঝেইমারের অগ্রগতি ধীর করার ক্ষেত্রে এটিই প্রথম সফল গবেষণা। এর আগে টাউ প্রোটিনকে লক্ষ্য করে তৈরি একাধিক ওষুধ পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে পাঁচ কোটি ৫০ লাখের বেশি মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত। তাঁদের প্রায় ৬০ শতাংশের ক্ষেত্রে এর কারণ আলঝেইমার রোগ। বর্তমানে অ্যামাইলয়েড প্রোটিনকে লক্ষ্য করে তৈরি লেকেম্বি ও কিসুনলার মতো ওষুধ রোগের অগ্রগতি ২৫ থেকে ৩০ শতাংশ ধীর করতে পারে।

গবেষণায় অংশ নেওয়া রোগীদের চিন্তাশক্তি ও দৈনন্দিন কাজের সক্ষমতা যাচাইয়ের ছয়টি সূচকের মধ্যে পাঁচটিতেই উন্নতি দেখা গেছে। এর মধ্যে খাবার তৈরি করা এবং নির্ধারিত সময়ে অ্যাপয়েন্টমেন্ট মনে রাখার মতো কাজও রয়েছে।

এদিকে, আয়োনিসের সঙ্গে যৌথভাবে ওষুধটি তৈরি করেছে বায়োজেন। এটি এমন একটি জিনের কার্যক্রম বন্ধ করে দেয়, যা শরীরে সব ধরনের টাউ প্রোটিন তৈরি করে। ৬০ মিলিগ্রাম মাত্রার ওষুধটি বেশি মাত্রার প্রয়োগের তুলনায় ভালোভাবে সহ্য করেছেন রোগীরা।

ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে মাথাব্যথা ও পিঠে ব্যথা ছিল, যা মূলত মেরুদণ্ডে ইনজেকশন দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। কিছু রোগীর মধ্যে বিভ্রান্তির লক্ষণও দেখা গেছে। তবে অ্যামাইলয়েড লক্ষ্য করে তৈরি ওষুধের ক্ষেত্রে দেখা যায়, এমন বিপজ্জনক মস্তিষ্কের ফোলাভাব এ গবেষণায় পাওয়া যায়নি।

তবে দুই বছরের গবেষণায় টাউ প্রোটিনের মাত্রা নির্ণয়ে ইমেজিং পরীক্ষা করা হয়নি। আড়াই বছর পর আবার এ পরীক্ষা করা হবে। এর আগে ১৮ মাসের ফলাফলে দেখা গিয়েছিল, বেশি মাত্রার ওষুধ টাউ প্রোটিন কমাতে তুলনামূলক বেশি কার্যকর হলেও চিন্তাশক্তি ধরে রাখার ক্ষেত্রে ৬০ মিলিগ্রাম মাত্রাটিই ভালো ফল দিয়েছে।

বয়স ও লিঙ্গভেদে ওষুধটির কার্যকারিতায় উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। এখন তৃতীয় পর্যায়ের (ফেজ-৩) পরীক্ষার পরিকল্পনা নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে বায়োজেন। এ পরীক্ষার ফল পেতে আরও কয়েক বছর লাগতে পারে। পাশাপাশি বিদ্যমান লেকেম্বি ওষুধের সঙ্গে ডিরানারসেন ধারাবাহিকভাবে বা একসঙ্গে ব্যবহারের সম্ভাবনাও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

এমপি/ আরআই

আরও পড়ুন