ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

বিএমইউতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ চান রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫০, ২৫-১১-২০২৬ | আপডেট: ১২:৫২, ২৫-১১-২০২৬

বিএমইউতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ চান রাষ্ট্রদূত

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা কামনা করেছেন।

গতকাল (২৪ নভেম্বর) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালকের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে উপাচার্য ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা আমাদের হৃদয়ে রয়েছে। ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে আমরা আন্তরিকভাবে আগ্রহী। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ভর্তি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতার আওতায় ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেলে তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এর আগে উপাচার্য বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতীম সম্পর্কের কথা স্মরণ করেন। দুই দেশের জনগণের পারস্পরিক সৌহার্দ্য, সংহতি ও সহযোগিতার ঐতিহ্য তুলে ধরে তিনি চিকিৎসাশিক্ষা ও উচ্চশিক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিএমইউর বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা: সাইফুল্লাহ মুন্সী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) শবনম মোস্তারী উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন