শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৪, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে বরাদ্দের আবেদন ও প্রয়োজনীয় যৌক্তিকতার তথ্য তুলে দেন বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ও বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব হবে। এতে লিভার ও কিডনি প্রতিস্থাপন, আধুনিক কার্ডিওভাসকুলার ও স্ট্রোক চিকিৎসা, বিশেষায়িত জরুরি চিকিৎসা, বন্ধ্যাত্ব চিকিৎসা এবং নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবায় নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি হাসপাতালটিতে সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ ও শিশুদের জন্য পিআইসিইউ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
আবেদনে বলা হয়েছে, বরাদ্দের অর্থ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, টেকনোলজিস্ট ও কর্মচারীদের বেতন-ভাতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সার্ভিস সেন্টার চালুর কাজে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে লিভার ট্রান্সপ্লান্ট ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়েটিক সেন্টার, কিডনি ট্রান্সপ্লান্ট ও ডিজিজ সেন্টার, কার্ডিওভাসকুলার ও স্ট্রোক সেন্টার, অনকোলজি সেন্টার, রেডিওলজি ও ইমেজিং সেন্টার এবং বিশেষায়িত জরুরি চিকিৎসা সেন্টার।
এ ছাড়া চিকিৎসা ও শল্য সরঞ্জাম, ল্যাব যন্ত্রপাতি, লাইফ সাপোর্ট ভেন্টিলেটর এবং আধুনিক অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হবে। অবকাঠামোগত উন্নয়নের আওতায় হাসপাতালের ওটি, ওয়ার্ড, কেবিন, ল্যাব, রোগীদের অপেক্ষাকক্ষ, ক্যাফেটেরিয়া, বেইজমেন্ট, কনফারেন্স ও অডিটরিয়াম সংস্কার করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, চিলার, মেডিক্যাল গ্যাস প্ল্যান্ট, সাবস্টেশন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও হেপা ফিল্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল শুরু থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে পরিচালিত হয়ে আসছিল। গত ১ অক্টোবর হাসপাতালটি বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্টস্টক কোম্পানিতে নিবন্ধিত হয়েছে। বিশ্বমানের আধুনিক কর্পোরেট চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
বরাদ্দের আবেদন গ্রহণের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিশেষ বরাদ্দের ক্ষেত্রে প্রয়োজনীয় আশ্বাস দেন। পাশাপাশি বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।
এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজুলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসেন, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা: মো. আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ও বিএমইউর ডিন অধ্যাপক ডা: সাইফ উল্লাহ মুন্সী, বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমপি/ আরআই