ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

মাথা ও ঘাড়ের ক্যান্সারে জেঅ্যান্ডজের ওষুধের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪৫, ০৯-১১-২০২৬

মাথা ও ঘাড়ের ক্যান্সারে জেঅ্যান্ডজের ওষুধের অনুমোদন

ছবি: মেডিকেল পোস্ট

মাথা ও ঘাড়ের ক্যান্সারের উন্নত পর্যায়ের রোগীদের চিকিৎসায় জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) ওষুধ ‘রাইব্রেভ্যান্ট ফাসপ্রো’ ব্যবহারে ত্বরিত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির পরও যেসব রোগীর ক্যান্সার বেড়েছে, তাদের চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা যাবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ অনুমোদন দেওয়া হয় বলে জানানো হয়েছে।

এফডিএর অনুমোদন অনুযায়ী, পুনরাবৃত্ত বা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া হেড অ্যান্ড নেক স্কোয়ামাস সেল কারসিনোমায় আক্রান্ত রোগীরা ওষুধটি ব্যবহার করতে পারবেন। এ ধরনের ক্যান্সারের চিকিৎসায় কার্যকর বিকল্প সীমিত।

জেঅ্যান্ডজে জানিয়েছে, গত এক বছরে রাইব্রেভ্যান্ট ফাসপ্রো দ্বিতীয়বারের মতো এফডিএর অনুমোদন পেয়েছে। এর আগে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় ওষুধটি অনুমোদন পায়। নতুন অনুমোদনের ফলে এবার মাথা ও ঘাড়ের ক্যান্সারের চিকিৎসায়ও এর ব্যবহার সম্প্রসারিত হলো।

ওষুধটি ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে প্রায় পাঁচ মিনিটে প্রয়োগ করা যায়। এটি ক্যান্সারের বৃদ্ধি ও বিস্তারের সঙ্গে যুক্ত ইজিএফআর এবং এমইটি প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে।

এফডিএ জানায়, ১০২ জন রোগীর ওপর পরিচালিত এক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। পরীক্ষায় ওষুধ গ্রহণকারী ৪২ শতাংশ রোগীর টিউমার সংকুচিত হয়েছে বা সম্পূর্ণ বিলীন হয়েছে। চিকিৎসায় সাড়া দেওয়া রোগীদের মধ্যে ৫৬ শতাংশের ক্ষেত্রে অন্তত ছয় মাস সেই সাড়া বজায় ছিল।

এফডিএর তথ্য অনুযায়ী, বর্তমানে এ ধরনের রোগীদের জন্য প্রচলিত চিকিৎসাগুলোর সাফল্যের হার সাধারণত ২০ শতাংশ বা তার কম।

গুরুতর রোগের চিকিৎসায় সম্ভাব্য ক্লিনিক্যাল সুবিধার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ওষুধ বাজারে আনার সুযোগ দেয় এফডিএর ত্বরিত অনুমোদন প্রক্রিয়া। তবে ওষুধটির উপকারিতা নিশ্চিত করতে জেঅ্যান্ডজেকে আরও গবেষণা চালাতে হবে।

এফডিএ জানিয়েছে, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি)-সম্পর্কিত অরোফ্যারিঞ্জিয়াল স্কোয়ামাস সেল কারসিনোমায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ওষুধটি অনুমোদিত নয়। বাজারে ওষুধটি মার্কের কিট্রুডা এবং ব্রিস্টল মায়ার্স স্কুইবের অপডিভোর মতো প্রতিষ্ঠিত চিকিৎসার সঙ্গে প্রতিযোগিতা করবে।

এমপি/ আরআই

আরও পড়ুন