শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৩৬, ২৯-০৯-২০২৬ | আপডেট: ৩:৩৮, ২৯-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
ব্রেলোভিটুগ একটি পরীক্ষামূলক মনোক্লোনাল অ্যান্টিবডি। এটি হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। দীর্ঘস্থায়ী হেপাটাইটিস ডি ভাইরাস সংক্রমণের চিকিৎসায় ওষুধটি পরীক্ষা করা হচ্ছে। হেপাটাইটিস ডি সাধারণত হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের হয়ে থাকে।
মিরামের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ হেপাটাইটিস ডি-তে আক্রান্ত। রোগটি গুরুতর উপসর্গ সৃষ্টি করতে পারে এবং এর ফলে লিভারের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।
গবেষণায় ২৪ সপ্তাহ পর ৩০০ মিলিগ্রাম ব্রেলোভিটুগ গ্রহণকারী ৫৬ শতাংশ এবং ৯০০ মিলিগ্রাম গ্রহণকারী ৪৫ শতাংশ রোগীর হেপাটাইটিস ডি ভাইরাসের মাত্রা কমার পাশাপাশি লিভার এনজাইমের মাত্রা স্বাভাবিক হয়েছে। বিলম্বিত চিকিৎসা পাওয়া গ্রুপে এ হার ছিল শূন্য শতাংশ।
কোম্পানিটি জানিয়েছে, বিভিন্ন মাত্রায় ওষুধটি ভালোভাবে সহ্য করেছেন রোগীরা। এর নিরাপত্তা-সংক্রান্ত ফলাফল আগের গবেষণায় পাওয়া তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বর্তমানে এই রোগের চিকিৎসায় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত একমাত্র ওষুধ হলো গিলিয়াড সায়েন্সেসের হেপক্লুডেক্স। মিরাম জানিয়েছে, ব্রেলোভিটুগের পূর্ণাঙ্গ গবেষণার ফলাফল আগামী একটি মেডিকেল কংগ্রেসে উপস্থাপন করা হবে। ২০২৭ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের এফডিএর কাছে ওষুধটির অনুমোদনের আবেদন করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
মিরামের ধারণা, অনুমোদন পেলে ওষুধটি বছরে সর্বোচ্চ ১০০ কোটি ডলারের বেশি বিক্রি হতে পারে।
এমপি/ আরআই