শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৩, ০৯-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) সভায় ওষুধ দুটির পরীক্ষার বিস্তারিত ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণার ফলাফল হৃদ্রোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কয়েকটি প্রচলিত ধারণা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
নোভার্টিসের পেলাকারসেনের পরীক্ষায় ৮ হাজার ৩০০-এর বেশি রোগী অংশ নেন। প্রায় পাঁচ বছর ধরে মাসে একবার ৭০ মিলিগ্রাম করে ওষুধটি দেওয়া হয়। এতে হৃদ্রোগের ঝুঁকির সঙ্গে যুক্ত লিপোপ্রোটিন (এ) বা এলপি(এ)-এর মাত্রা ৭৮ শতাংশ কমে। তবে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক করতে জরুরি চিকিৎসার প্রয়োজন কমাতে ওষুধটি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
গবেষক দলের সদস্য ক্লিভল্যান্ড ক্লিনিকের ডা. স্টিভেন নিসেন বলেন, ‘আমিসহ বিশ্বের সবাই ভেবেছিলাম, এটি কাজ করবে।’ পরে তিনি রয়টার্সকে বলেন, ‘এটি কোনো কিছুই করেনি। ফলাফল ছিল সম্পূর্ণ নিরপেক্ষ।’
বিশ্বের প্রায় ২০ শতাংশ মানুষের শরীরে উচ্চমাত্রার এলপি(এ) রয়েছে বলে ধারণা করা হয়। এটি হৃদ্রোগের একটি জিনগত ঝুঁকির কারণ। তবে এ ঝুঁকি কমানোর জন্য এখনো অনুমোদিত কোনো চিকিৎসা নেই। গবেষকেরা আশা করেছিলেন, এলপি(এ)-এর মাত্রা কমালে স্ট্যাটিনের মতো হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব হবে।
তবে গবেষক ডা: ডোনাল্ড লয়েড-জোনস বলেন, আরও তথ্য না পাওয়া পর্যন্ত এলপি(এ)-কে হৃদ্রোগের কারণ বা চিকিৎসার লক্ষ্য হিসেবে বিবেচনা করা বন্ধ করা উচিত হবে না। নোভার্টিসের ওষুধটি ইতিমধ্যে বড় ধরনের হৃদ্রোগে আক্রান্ত রোগীদের ওপর পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে, অ্যামজেন ও এলি লিলির একই ধরনের পরীক্ষায় এমন রোগীরাও রয়েছেন, যাদের আগে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়নি।
এদিকে নোভো নরডিস্কের জিলটিভেকিমাবের পরীক্ষায় ৬ হাজার ৩০০ হৃদ্রোগী অংশ নেন। হৃদ্রোগের পাশাপাশি কিডনির গুরুতর সমস্যা ও শরীরে প্রদাহ থাকা রোগীদের ওপর চালানো পরীক্ষায় ওষুধটি প্রদাহ কমাতে সক্ষম হলেও মৃত্যু, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে পারেনি।
হার্ভার্ডের ব্রিগহাম অ্যান্ড উইমেনস হাসপাতালের ডা: পল রিডকার বলেন, রোগীদের রোগের অবস্থা এতটাই অগ্রসর হয়ে থাকতে পারে যে প্রদাহ কমানোর চিকিৎসায় আর সাড়া দেওয়ার সুযোগ ছিল না। তবে হৃদ্রোগে প্রদাহকে লক্ষ্য করে চিকিৎসার সম্ভাবনা এখনো গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
গবেষক ডা: প্রিসিলা সু বলেন, জিলটিভেকিমাবের পরীক্ষায় অংশ নেওয়া রোগীরা অত্যন্ত অসুস্থ ছিলেন। প্রদাহ হয়তো ইতিমধ্যে তাদের শরীরে ক্ষতি করে ফেলেছিল।
দুটি ওষুধের পরীক্ষায় হতাশাজনক ফলাফলের পর ডা: লয়েড-জোনস বলেন, ‘এটা স্পষ্ট যে আমাদের ভিন্ন ওষুধ এবং ভিন্ন কৌশল নিয়ে আরও পরীক্ষা চালাতে হবে।’
এমপি/ আরআই