শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৫, ১১-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
এফডিএ জানায়, বাজারে থাকা সব জিএলপি-১ জাতীয় ওষুধের লেবেলে এ ঝুঁকির বিষয়টি উল্লেখ করতে হবে। তালিকায় রয়েছে—নভো নরডিস্কের ওজেম্পিক ও ওয়েগোভি, এলি লিলির মাউনজারো ও জেপবাউন্ড এবং সানোফির সোলিকুয়া।
এফডিএর সতর্কবার্তায় বলা হয়েছে, এসব ওষুধের সঙ্গে নন-আর্টেরিটিক অ্যান্টেরিয়র ইস্কেমিক অপটিক নিউরোপ্যাথি (এনএআইওএন) নামের বিরল চোখের রোগের সম্ভাব্য সম্পর্ক রয়েছে। এ রোগে অপটিক স্নায়ুতে হঠাৎ রক্তপ্রবাহ কমে যায়। ফলে কোনো ব্যথা ছাড়াই এক চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, এমনকি স্থায়ী অন্ধত্বও দেখা দিতে পারে।
এদিকে ডায়াবেটিস, ধূমপান, উচ্চ রক্তচাপ ও রক্তে অতিরিক্ত কোলেস্টেরল রয়েছে—এমন ব্যক্তিদের এ রোগের ঝুঁকি বেশি। বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ এনএআইওএন। বর্তমানে এ রোগে হারানো দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার কোনো চিকিৎসা নেই।
২০২৪ সালে জামা অপথালমোলজি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার পর জিএলপি-১ ও এনএআইওএনের মধ্যকার সম্ভাব্য সম্পর্ক নিয়ে অনুসন্ধান শুরু করে এফডিএ। পরবর্তী সময়ে ১ লাখ ৩৪ হাজার ২০০-এর বেশি রোগীর ওপর পরিচালিত ১২৬টি ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য পর্যালোচনা করে সংস্থাটি।
এতে ১৫ জন সম্ভাব্য এনএআইওএন আক্রান্ত রোগী শনাক্ত হন। তাদের মধ্যে ১০ জন জিএলপি-১ ওষুধ গ্রহণ করেছিলেন এবং পাঁচজন প্লাসিবো নিয়েছিলেন। হিসাব অনুযায়ী, জিএলপি-১ গ্রহণকারীদের প্রতি এক লাখ মানুষ-বছরে আক্রান্তের হার ৬ দশমিক ৪ জন। বিপরীতে প্লাসিবো বা বিকল্প ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে এ হার ৩ দশমিক ৮ জন।
এফডিএ জানিয়েছে, বাজারে থাকা সব জিএলপি-১ ওষুধের ক্ষেত্রেই এনএআইওএনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ কারণে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে পণ্যের সতর্কবার্তায় এ সম্ভাব্য ঝুঁকির তথ্য যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে নভো নরডিস্কের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, এসব তথ্যের মাধ্যমে এখনো ওষুধের সঙ্গে রোগটির সরাসরি সম্পর্ক বা কার্যকারণ প্রমাণিত হয়নি। প্রতিষ্ঠানটি তাদের জিএলপি-১ ওষুধের সুবিধা ও ঝুঁকির সামগ্রিক মূল্যায়ন নিয়ে আত্মবিশ্বাসী।
এমপি/ আরআই