ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

সাপের শরীরে প্রথমবারের মতো ক্যান্সারের বিশেষ থেরাপি প্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩০, ২২-০৮-২০২৬

সাপের শরীরে প্রথমবারের মতো ক্যান্সারের বিশেষ থেরাপি প্রয়োগ

ছবি: মেডিকেল পোস্ট

যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানায় প্রথমবারের মতো একটি সাপের শরীরে ক্যান্সারের বিশেষ থেরাপি প্রয়োগ করে সফলতা পেয়েছেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর আবার ফিরে আসা ক্যান্সারের টিউমারের চিকিৎসায় ২৩ বছর বয়সী একটি অজগরের শরীরে ইলেকট্রোকেমোথেরাপি প্রয়োগ করা হয়। সর্বশেষ পরীক্ষায় তার শরীরে ক্যান্সার ফিরে আসার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

সম্প্রতি চেস্টার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ১৫ ফুট (৪ দশমিক ৫ মিটার) লম্বা রেটিকুলেটেড পাইথনটিকে বিশ্বের প্রথম পরিচিত সাপ হিসেবে ইলেকট্রোকেমোথেরাপি দেওয়া হয়েছে। ৫০ কেজি ওজনের অজগরটির নাম জোডি ফস্টার। তার চোয়ালের টিউমার আবার ফিরে এসে হাড়ের একটি অংশে ছড়িয়ে পড়তে শুরু করেছিল।

পরিচর্যাকারীরা লক্ষ্য করেন, জোডি আগের তুলনায় কম খাচ্ছে এবং বেশি সময় নিষ্ক্রিয় থাকছে। পরে পরীক্ষায় তার শরীরে ম্যালিগন্যান্ট ফাইব্রোসারকোমা নামের এক ধরনের ক্যান্সার শনাক্ত হয়। প্রথমে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হলেও পরে সেটি আবার ফিরে আসে।

জোডির চিকিৎসায় চেস্টার চিড়িয়াখানার পশুচিকিৎসকেরা লিভারপুল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেন। তারা অজগরটির জন্য ইলেকট্রোকেমোথেরাপি পদ্ধতিকে উপযোগী করে নেন। এ চিকিৎসায় ব্লোমাইসিন নামের ক্যান্সারের ওষুধের সঙ্গে নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পালস ব্যবহার করা হয়। এতে সাময়িকভাবে ক্যান্সার কোষের আবরণ আরও প্রবেশযোগ্য হয়ে ওঠে এবং ওষুধটি কোষের ভেতরে কার্যকরভাবে প্রবেশ করতে পারে।

চেস্টার চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ইয়ান অ্যাশপোল বলেন, টিউমারটি বারবার ফিরে আসায় চিকিৎসকদের আশঙ্কা ছিল, একসময় এটি জোডির খাওয়ার ক্ষমতায় বাধা সৃষ্টি করতে পারে। সাপের শরীরে ইলেকট্রোকেমোথেরাপি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, আমাদের জানা মতে, কোনো সাপের শরীরে এর আগে কখনো এই চিকিৎসা ব্যবহার করা হয়নি।

প্রায় ৯০ মিনিট ধরে জোডির অস্ত্রোপচার ও চিকিৎসা চলে। এ সময় টিউমারটি অপসারণের পাশাপাশি আক্রান্ত চোয়ালের হাড়ের একটি অংশও সরিয়ে ফেলেন চিকিৎসকেরা। জোডির আকার এত বড় হওয়ায় অস্ত্রোপচারের জন্য দুটি অপারেশন টেবিল পাশাপাশি জোড়া দিতে হয়েছিল।

চোয়ালের হাড়ের একটি অংশ হারালেও জোডির খাওয়ার ক্ষমতা কিংবা শিকার করার সক্ষমতায় কোনো প্রভাব পড়েনি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে করা সর্বশেষ পরীক্ষায় অজগরটির শরীরে ক্যান্সার ফিরে আসার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

এমপি/ আরআই

আরও পড়ুন