শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:২৫, ২৩-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২২ নভেম্বর) বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দেয় সংস্থাটি। তবে প্রতিষ্ঠানটির ঠিক কোন ধরনের প্যাকেটজাত পানিতে ব্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে, তা নির্দিষ্ট করে জানায়নি এফএসএসএআই।
সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট-২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয়সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এফএসএসএআই জানায়, পরীক্ষার জন্য বিসলেরির প্যাকেটজাত পানির একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এটি মিনারেল বা খনিজ পানি ছিল না। প্রাথমিক পরীক্ষায় নমুনাটিতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার বেশি পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলেও একই ফল পাওয়া যায়। এরপর নমুনাটিকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা (আইএআরসি) এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থাসহ (ইপিএ) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ব্রোমেটকে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত করেছে। ফলে বোতলজাত পানিতে এ ধরনের উপাদানের উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ তৈরি করেছে।
বিসলেরি ছাড়াও বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে এফএসএসএআই। নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্সও স্থগিত করেছে সংস্থাটি।
এ ছাড়া একটি কনফেকশনারি প্রতিষ্ঠানের চকোলেট-ভরা প্যাকেটজাত কুকিজকে অনিরাপদ ঘোষণা করে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এমপি/ আরআই