ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

দুই নতুন মেডিকেলে ভর্তি প্রস্তুতি শুরু, অনিশ্চয়তায় একটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৮, ০৪-০৮-২০২৬ | আপডেট: ১:৪১, ০৪-০৮-২০২৬

দুই নতুন মেডিকেলে ভর্তি প্রস্তুতি শুরু, অনিশ্চয়তায় একটি

ছবি: মেডিকেল পোস্ট

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ঠাকুরগাঁও ও নরসিংদী মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি নেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। তবে একই সময়ে অনুমোদন পাওয়া মুন্সীগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন দুটি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে, চলতি বছরের ১৩ মে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ এবং ১৪ জুন নরসিংদী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়। এর আগে ১ জানুয়ারি দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন পায় মুন্সীগঞ্জ মেডিকেল কলেজ।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ঠাকুরগাঁও ও নরসিংদী মেডিকেল কলেজে ভর্তি শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে। একাডেমিক ভবন প্রস্তুত হলে চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

তিনি জানান, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। সেখানে বিদ্যমান একটি পুরোনো হাসপাতাল ভবন সংস্কার করে প্রাথমিকভাবে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি নতুন ভবন নির্মাণ করা হবে। নরসিংদীতেও একই শিক্ষাবর্ষে ভর্তি শুরু করার চেষ্টা চলছে।

অন্যদিকে মুন্সীগঞ্জ মেডিকেল কলেজের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এখনও অবকাঠামো নির্মাণকাজ শুরু না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সেখানে ভর্তি কার্যক্রম শুরু হবে কি না, তা নিশ্চিত করে বলতে পারছে না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এমপি/ আরআই

আরও পড়ুন