শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:২৬, ১৪-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১৪ অক্টোবর) প্রাক্-বাজার লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে বড় উত্থান দেখা যায়। এর আগে গতকাল (১৩ অক্টোবর) রাতে সমঝোতার ঘোষণা আসে।
সমঝোতার মাধ্যমে পেটেন্ট, বাণিজ্যিক গোপনীয়তা, চুক্তি ও প্রতিযোগিতা আইনসংক্রান্ত ছয়টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলার কেন্দ্রবিন্দুতে ছিল লিকুইডিয়ার ‘ইউট্রেপিয়া’ নামের শ্বাসের মাধ্যমে গ্রহণযোগ্য শুকনো গুঁড়ার ওষুধ, যার সক্রিয় উপাদান ট্রেপ্রোস্টিনিল।
ইউট্রেপিয়া পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন (পিএএইচ) এবং ইন্টারস্টিশিয়াল ফুসফুসের রোগের সঙ্গে সম্পর্কিত পালমোনারি হাইপারটেনশন (পিএইচ-আইএলডি) চিকিৎসায় অনুমোদিত। বাজারে ওষুধটি ইউনাইটেড থেরাপিউটিকসের ‘টাইভাসো’র সঙ্গে প্রতিযোগিতা করে।
সমঝোতার শর্ত অনুযায়ী, লিকুইডিয়া পিএইচ-আইএলডির চিকিৎসায় ইউট্রেপিয়ার প্রচার বন্ধ করবে। তবে পিএএইচের চিকিৎসায় ওষুধটি বিক্রি চালিয়ে যেতে পারবে। এ ছাড়া ২০২৭ সাল পর্যন্ত কিস্তিতে ইউনাইটেড থেরাপিউটিকসকে প্রায় ৩৮০ দশমিক ৭ মিলিয়ন ডলার পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।
লিকুইডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা মাইকেল কাসেটা বলেন, ইউট্রেপিয়ার চলমান বিক্রি ও হাতে থাকা নগদ অর্থ থেকে এই অর্থ পরিশোধের পরিকল্পনা রয়েছে তাদের।
এই সমঝোতায় লিকুইডিয়ার বড় ধরনের আইনি ঝুঁকি কমেছে। গত মাসে আদালতের একটি বিরূপ রায়ের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অর্ধেকেরও বেশি কমে গিয়েছিল। অন্যদিকে, সমঝোতার ফলে পিএইচ-আইএলডি চিকিৎসায় ইউনাইটেড থেরাপিউটিকসের টাইভাসোর প্রতিযোগিতা কমতে পারে।
লিকুইডিয়া জানিয়েছে, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে না। ইউট্রেপিয়ার অনুমোদিত ব্যবহারের তালিকা থেকে পিএইচ-আইএলডি বাদ দিতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
এমপি/ আরআই