ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ফুসফুসে টিউমার, অস্ত্রোপচার করবেন পোপ লিও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:১৯, ১১-১০-২০২৬

ফুসফুসে টিউমার, অস্ত্রোপচার করবেন পোপ লিও

ছবি: মেডিকেল পোস্ট

ফুসফুসে ছোট আকারের একটি নডিউল বা গুটি শনাক্ত হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও। চলতি সপ্তাহেই অস্ত্রোপচারের মাধ্যমে এটি অপসারণ করা হবে। চিকিৎসকেরা গুটিটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনায় অংশ নিয়ে পোপ লিও জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার সময় তার ফুসফুসে একটি নির্দিষ্ট স্থানে নডিউল শনাক্ত করেন চিকিৎসকেরা। এটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে এবং নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

পোপ জানান, চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে গুটিটি অপসারণের পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শ অনুসারেই তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তবে নডিউলটি ক্যান্সারযুক্ত কি না, সে বিষয়ে ভ্যাটিকানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফুসফুসে নডিউল থাকলেই তা ক্যান্সার নয়। যুক্তরাষ্ট্রের আমেরিকান থোরাসিক সোসাইটির তথ্য অনুযায়ী, ফুসফুসের নডিউলের ৫ শতাংশেরও কম ক্ষেত্রে ক্যান্সার শনাক্ত হয়। তবে বয়স, গুটির আকার ও ধূমপানের মতো বিষয়গুলো ঝুঁকি বাড়াতে পারে।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যান্সার বিশেষজ্ঞ স্টিফেন লিউ বলেন, ফুসফুসে নডিউল থাকা তুলনামূলকভাবে সাধারণ ঘটনা এবং বেশির ভাগ ক্ষেত্রেই তা ক্যান্সারবিহীন হতে পারে। তবে যথেষ্ট উদ্বেগ থাকলে এবং রোগীর শারীরিক অবস্থা ও গুটির অবস্থান বিবেচনায় অস্ত্রোপচার নিরাপদ হলে, তা অপসারণের মাধ্যমে নিশ্চিতভাবে রোগ নির্ণয় করা সম্ভব।

৭১ বছর বয়সী পোপ লিও ২০২৫ সালের মে মাসে নির্বাচিত হন। তিনি টেনিসসহ বিভিন্ন খেলাধুলায় আগ্রহী এবং তার ধূমপানের অভ্যাস কিংবা অতীতে বড় ধরনের স্বাস্থ্য সমস্যার কথা জানা যায়নি।

ভ্যাটিকানের প্রেস দপ্তর জানিয়েছে, অস্ত্রোপচারের পর পোপের সুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুতে ১১ দিনের সফরে যাওয়ার কথা রয়েছে তার।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন