ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু, কারণ জানে না ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৪৩, ১১-১০-২০২৬

রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু, কারণ জানে না ডব্লিউএইচও

ছবি: মেডিকেল পোস্ট

রাশিয়ার সাইবেরিয়ায় প্লেগ গবেষণাগারের এক কর্মীর নিউমোনিয়ায় মৃত্যুর কারণ এখনো জানতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এ ঘটনায় প্লেগে আক্রান্ত হওয়ার কোনো ঘটনা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

রাশিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ওই কর্মী এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শরীরে পরীক্ষায় উচ্চঝুঁকির রোগজীবাণুর উপস্থিতি পাওয়া যায়নি। সংস্পর্শে আসা ব্যক্তিদের কারও মধ্যে এখনো উপসর্গ দেখা যায়নি। এ ছাড়া একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত আর কোনো রোগী শনাক্ত হননি।

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, পাওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই কর্মীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত না হওয়ায় গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা রয়ে গেছে।

রুশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দারিয়া শিপিলোভা নামের ২৮ বছর বয়সী ওই গবেষণাগারকর্মী গত ২ অক্টোবর মারা যান। তার মৃত্যুর পরিস্থিতি বিস্তারিত জানানো হয়নি। ঘটনার পর প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কর্মী যথাযথ টিকা নিয়েছিলেন। তার শরীরে গবেষণাগারের কাজের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অণুজীবও পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার রাশিয়া জানায়, ওই কর্মীর সংস্পর্শে আসা সবার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রচলিত প্রক্রিয়া অনুসারে ডব্লিউএইচওকে প্রয়োজনীয় তথ্যও দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটি।

করোনাভাইরাস মহামারির পর অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় মৃত্যুর ঘটনাগুলো নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্তৃপক্ষের সতর্কতা বেড়েছে। তবে নিউমোনিয়ার প্রতিটি ঘটনার সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা সব সময় সম্ভব হয় না।

এমপি/ আরআই

আরও পড়ুন