ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

নতুন রক্ত ক্যান্সারের চিকিৎসায় আশাব্যঞ্জক ফল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪৬, ০৬-১০-২০২৬

নতুন রক্ত ক্যান্সারের চিকিৎসায় আশাব্যঞ্জক ফল

ছবি: মেডিকেল পোস্ট

নতুন শনাক্ত হওয়া এক ধরনের রক্ত ক্যান্সারের রোগীদের চিকিৎসায় আশাব্যঞ্জক ফল পেয়েছে ডেনমার্কের বায়োটেক প্রতিষ্ঠান জেনম্যাব ও যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি অ্যাবভি। তাদের যৌথভাবে তৈরি চিকিৎসা পদ্ধতি রোগের অগ্রগতি বা মৃত্যুর ঝুঁকি ৫১ শতাংশ কমিয়েছে।

প্রতিষ্ঠান দুটি জানায়, নতুন করে শনাক্ত হওয়া ডিফিউজ লার্জ বি-সেল লিম্ফোমা (ডিএলবিসিএল) রোগীদের ওপর পরিচালিত শেষ ধাপের (ফেজ-৩) গবেষণায় এ ফল পাওয়া গেছে। ডিএলবিসিএল নন-হজকিন লিম্ফোমার সবচেয়ে সাধারণ ধরনগুলোর একটি।

গবেষণায় এপকোরিটাম্যাব নামের ওষুধকে প্রচলিত আর-সিওএইচপি চিকিৎসার সঙ্গে দেওয়া হয়। শুধু আর-সিওএইচপি চিকিৎসার তুলনায় এই সমন্বিত চিকিৎসায় রোগের অগ্রগতি বা মৃত্যুর ঝুঁকি ৫১ শতাংশ কমেছে।

এপকোরিটাম্যাব একটি ইমিউনভিত্তিক চিকিৎসা, যা শরীরের টি-সেলকে ক্যানসার কোষ আক্রমণে সহায়তা করে। অন্যদিকে ডিএলবিসিএলের ক্ষেত্রে আর-সিওএইচপি বর্তমানে প্রচলিত মানসম্মত চিকিৎসা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কোম্পানি দুটি জানিয়েছে, ডিএলবিসিএলের প্রাথমিক চিকিৎসায় কোনো বাইস্পেসিফিক অ্যান্টিবডি সমন্বিত চিকিৎসার কার্যকারিতা নিয়ে এটি প্রথম সফল শেষ ধাপের গবেষণা, যেখানে রোগের অগ্রগতি ছাড়া বেঁচে থাকার সময় (প্রগ্রেশন-ফ্রি সারভাইভাল) উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গবেষণায় এপকোরিটাম্যাব ও আর-সিওএইচপির পরিচিত নিরাপত্তা বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল সমন্বিত চিকিৎসাটির নিরাপত্তা প্রোফাইল।

তবে নতুন করে ডিএলবিসিএল শনাক্ত হয়েছে এবং আগে কোনো চিকিৎসা নেয়নি—এমন রোগীদের জন্য এপকোরিটাম্যাব এখনো অনুমোদিত হয়নি।

বার্কলেসের বিশ্লেষক এমিলি ফিল্ড এই ফলকে প্রাথমিক পর্যায়ের ডিএলবিসিএল চিকিৎসায় এপকোরিটাম্যাবের কার্যকারিতার শক্তিশালী প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই রোগীদের চিকিৎসাই ওষুধটির সবচেয়ে বড় বাণিজ্যিক সম্ভাবনার ক্ষেত্র।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন