শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:১৫, ১১-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর চীনে চিকিৎসকদের জন্য বিশেষায়িত এআই অ্যাপের ব্যবহার বেড়েছে। আলিবাবা হেলথ ও জেডি হেলথের মতো অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চিকিৎসকদের জন্য এসব অ্যাপ তৈরি করেছে। এগুলোতে চিকিৎসাবিষয়ক প্রশ্নের উত্তর, গবেষণাপত্র ও ক্লিনিক্যাল তথ্য পাওয়া যায়।
আলিবাবা হেলথের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ওয়াং শিয়াংঝি রয়টার্সকে জানান, তাদের হাইড্রিয়ন অ্যাপে চিকিৎসকদের প্রশ্নের উত্তরের পাশাপাশি সংশ্লিষ্ট ওষুধের পক্ষে প্রাসঙ্গিক গবেষণা ও ক্লিনিক্যাল তথ্য তুলে ধরার একটি ব্যবসায়িক মডেল বিবেচনা করা হচ্ছে। তবে এখনো ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে এ বিষয়ে সহযোগিতা শুরু হয়নি। দেশি-বিদেশি অনেক কোম্পানি এ উদ্যোগে আগ্রহ দেখিয়েছে।
আলিবাবা হেলথের এক জরিপে দেখা গেছে, বর্তমানে জরিপে অংশ নেওয়া চিকিৎসকদের ৯৩ শতাংশ এআই টুল ব্যবহার করেন। এক বছর আগে এ হার ছিল প্রায় ৭০ শতাংশ।
গবেষণা প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীনে ডিজিটাল স্বাস্থ্য বিপণনে প্রতিষ্ঠানগুলোর ব্যয় বছরে গড়ে ২৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে পারে। ২০৩০ সাল নাগাদ এ খাতে ব্যয় দাঁড়াতে পারে ২৭৪ দশমিক ৪ বিলিয়ন ইউয়ান বা ৪১ দশমিক ১ বিলিয়ন ডলারে। তবে চিকিৎসকদের জন্য তৈরি এআই অ্যাপের পেছনে ব্যয়ের নির্দিষ্ট হিসাব প্রতিষ্ঠানটি দেয়নি।
এদিকে, জেডি হেলথের এআই সহকারী ‘ঝিই’কে নিজেদের অ্যাপে যুক্ত করেছে চিকিৎসাবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান পিকা হেলথ। গত আগস্টে প্রতিষ্ঠান দুটি জানায়, ওষুধ কোম্পানিগুলোকে লক্ষ্যভিত্তিক ডিজিটাল প্রচারণা ও চিকিৎসকদের শিক্ষা কার্যক্রমে সহায়তা দেবে তারা। অন্যদিকে, ইয়িডু টেকের ‘ইয়িডু এভিডেন্স’ অ্যাপে বিপণনের সম্ভাবনা নিয়েও ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।
চীনের স্বাস্থ্য খাতে দুর্নীতিবিরোধী অভিযান কয়েক বছর ধরে চললেও চলতি গ্রীষ্মে তা আরও জোরদার হয়। এ সময় চিকিৎসক ও হাসপাতালে ওষুধের তথ্য দিতে যাওয়া কোম্পানির কর্মীদের বিষয়ে কঠোর বিধিনিষেধ জারি করে কর্তৃপক্ষ। এতে হাসপাতালকেন্দ্রিক বিপণন কার্যক্রমে বাধা তৈরি হয়েছে এবং কিছু ওষুধ কোম্পানি বিক্রি কমার প্রভাবের কথা জানিয়েছে।
সুইজারল্যান্ডের ওষুধ কোম্পানি রোশ জানিয়েছে, চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে সরাসরি বিপণন যোগাযোগে তৃতীয় পক্ষের চিকিৎসাবিষয়ক এআই টুল ব্যবহারের বিষয়টি তারা পর্যালোচনা করছে। জার্মানির বায়ারও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে নিয়ম মেনে যোগাযোগ বাড়াতে প্রযুক্তির অগ্রগতি পর্যবেক্ষণ করছে।
চীনের এআইভিত্তিক চিকিৎসা অনুসন্ধান প্ল্যাটফর্ম নাল হাইপোথিসিসের প্রধান নির্বাহী গুও ফেই বলেন, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের পুরোনো পদ্ধতি বদলে গেছে। এখন চিকিৎসকদের ক্লিনিক্যাল কাজ ও গবেষণায় সহায়ক প্রযুক্তির মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হচ্ছে।
এমপি/ আরআই