ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

টাইফয়েড টিকা নিয়ে নতুন নির্দেশনা ইপিআইয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫৯, ১৯-০৭-২০২৬ | আপডেট: ৭:৪১, ১৯-০৭-২০২৬

টাইফয়েড টিকা নিয়ে নতুন নির্দেশনা ইপিআইয়ের

ছবি: মেডিকেল পোস্ট

আগামী ১ আগস্ট থেকে সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। একইসঙ্গে নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় অন্যান্য টিকাও দেওয়া হবে। তবে ২০২৫ সালে দুই বছরের কম বয়সে টাইফয়েড টিকা নেওয়া শিশুদের এবার আর পুনরায় এই টিকা দেওয়া হবে না।

রোববার (১৯ জুলাই) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ইপিআই জানায়, ২০২৫ সালের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে রুটিন ইপিআইয়ের আওতাভুক্ত দুই বছরের কম বয়সী যেসব শিশু এক ডোজ টাইফয়েড টিকা পেয়েছে, তাদের রুটিন টাইফয়েড টিকাদান কর্মসূচিতে পুনরায় টিকা নেওয়ার প্রয়োজন নেই। তবে অন্যান্য রুটিন টিকা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে সফল ও গতিশীল করতে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ গুরুত্বারোপ করেছে। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে বাড়ি বাড়ি যোগাযোগ, মাইকিং, উঠান বৈঠক এবং আন্তঃব্যক্তিক প্রচারণার মাধ্যমে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ জোরদার করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন