ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

রান্নায় ট্যাপের পানি ব্যবহারে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২২, ১৬-০৮-২০২৬

রান্নায় ট্যাপের পানি ব্যবহারে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ছবি: মেডিকেল পোস্ট

রান্নাঘরের দৈনন্দিন কাজে ডাল সেদ্ধ করা থেকে শুরু করে ভাতের চাল ধোয়া—প্রায় সব ক্ষেত্রেই ট্যাপের পানি ব্যবহার করা হয়। তবে এই অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি এনডিটিভি ফুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পানি ফুটিয়ে নিলেই তা সব ধরনের দূষণ থেকে মুক্ত হয় না। তাই পানীয় জলের মতো রান্নার পানির ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, পানি ফুটালে ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবীর মতো জীবাণু ধ্বংস হয়। তবে সীসা, আর্সেনিক, ফ্লোরাইড, নাইট্রেট এবং শিল্পকারখানার বিভিন্ন রাসায়নিক উপাদান পানিতেই থেকে যায়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য অনুযায়ী, ফুটানোর মাধ্যমে এসব দ্রবীভূত উপাদান দূর করা সম্ভব নয়।

ইউরেকা ফোর্বসের প্রধান পানি বিজ্ঞানী ড: অনিল কুমার বলেন, শুধু পানি ফুটিয়ে নিরাপদ করা যায়—এমন ধারণা একটি সাধারণ ভুল। তাপ জীবাণুর বিরুদ্ধে কার্যকর হলেও এটি রাসায়নিক দূষক দূর করতে পারে না।

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে পানি ফুটালে উল্টো কিছু ক্ষতিকর উপাদানের ঘনত্ব বেড়ে যেতে পারে। কারণ, পানি বাষ্প হয়ে উড়ে গেলেও দ্রবীভূত রাসায়নিক উপাদান পাত্রেই থেকে যায়।

এদিকে, মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) তথ্যমতে, গরম পানি ঠান্ডা পানির তুলনায় দ্রুত সীসা দ্রবীভূত করতে পারে। ফলে ট্যাপের পানিতে সীসার পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

বর্তমানে পানীয় জলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতিও বিজ্ঞানীদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। খালি চোখে দেখা যায় না এমন এই অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার কোনো স্বাদ বা গন্ধ নেই। তবে দীর্ঘমেয়াদে এগুলো মানবদেহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, ট্যাপের পানি ব্যবহারে তাৎক্ষণিকভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা কম থাকলেও দিনের পর দিন খাবারের মাধ্যমে শরীরে ক্ষতিকর উপাদান জমতে পারে, যা একসময় বিভিন্ন জটিল রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

ড: অনিল কুমার বলেন, রান্নার পানিকে শুধু একটি প্রয়োজনীয় উপাদান হিসেবে দেখলে চলবে না। এটিকে পুষ্টির অংশ হিসেবে বিবেচনা করতে হবে। কারণ, এই পানিই শেষ পর্যন্ত আমাদের শরীরের অংশ হয়ে যায়।

তাই দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি এড়াতে রান্নার ক্ষেত্রেও পরিশোধিত বা ফিল্টার করা পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এমপি/ আরআই

আরও পড়ুন