ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:১৮, ১৪-০৮-২০২৬

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

ছবি: মেডিকেল পোস্ট

রোমান্টিক কিংবা অ্যাকশনধর্মী কোনো সিনেমা দেখা, পরীক্ষার আগে দুশ্চিন্তা করা বা অফিসে কাজের ফাঁকে আনমনে বসে থাকার সময় অনেকেই অজান্তে দাঁত দিয়ে নখ কাটতে থাকেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ অভ্যাসকে বলা হয় ‘অনিকোফ্যাগিয়া’।

শিশু থেকে শুরু করে অনেক প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যেও এ অভ্যাস দেখা যায়। তবে আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের একাডেমি অব ডার্মাটোলজির সদস্য এবং ওয়েইল কর্নেল মেডিকেল কলেজের নখ বিষয়ক রোগ বিশেষজ্ঞ ডা. রিচার্ড শের বলেন, নখ বিভিন্ন ধরনের জীবাণুর আশ্রয়স্থল। বিশেষ করে ‘এন্টেরোব্যাকটেরিয়াসি’ নামের এক ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে সালমোনেলা ও ই. কোলাইয়ের মতো ক্ষতিকর জীবাণু রয়েছে, যা নখের নিচের নরম খাঁজে বংশবিস্তার করতে পারে।

তার মতে, দাঁত দিয়ে নখ কাটার সময় এসব জীবাণু মুখ ও পরিপাকতন্ত্রে প্রবেশ করে গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সংক্রমণ ঘটাতে পারে। এর ফলে ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে।

ডা. রিচার্ড শের আরও বলেন, দীর্ঘদিন ধরে নখ কামড়ানোর অভ্যাস থাকলে তা ‘প্যারোনিচিয়া’ নামের এক ধরনের সংক্রমণের কারণ হতে পারে। আঙুলের চামড়া ফেটে গেলে বা ক্ষত তৈরি হলে ব্যাকটেরিয়া ও ইস্টজাতীয় জীবাণু সহজেই শরীরে প্রবেশ করতে পারে।

এ ধরনের সংক্রমণের ফলে নখের চারপাশে ফোলাভাব, লালচে ভাব, পুঁজ জমা এবং তীব্র ব্যথা হতে পারে। অনেক সময় সংক্রমণ থেকে মুক্তি পেতে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রয়োজন হয়। গুরুতর ক্ষেত্রে অস্ত্রোপচারও করতে হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, সুস্থ থাকতে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করা উচিত।

এমপি/ আরআই

আরও পড়ুন