ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিএমইউতে চালু হলো লিভার ক্যান্সার ক্লিনিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৫, ১৬-১০-২০২৬

বিএমইউতে চালু হলো লিভার ক্যান্সার ক্লিনিক

ছবি: মেডিকেল পোস্ট

লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের সমন্বিত ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চালু হয়েছে বিশেষায়িত লিভার ক্যান্সার ক্লিনিক। বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের উদ্যোগে এবং বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ক্লিনিকটি চালু করা হয়েছে।

গতকাল (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা: মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা: এফ. এম. সিদ্দিকী। এ উপলক্ষে লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

ক্লিনিকটিতে ছয়টিরও বেশি বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগ নির্ণয়, ক্যান্সারের পর্যায় নির্ধারণ, উপযুক্ত চিকিৎসাপদ্ধতি নির্বাচন এবং চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। এর ফলে রোগীরা একই ব্যবস্থার আওতায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসাসেবা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা: এফ. এম. সিদ্দিকী বলেন, লিভার ক্যান্সার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা গেলে চিকিৎসার ফলাফল উন্নত করা সম্ভব।

তিনি আরও বলেন, লিভার ক্যান্সারের চিকিৎসায় আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্লিনিক দেশে লিভার ক্যান্সারের চিকিৎসার মানোন্নয়ন ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে।

হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: নূরুদ্দীন আহমদ।

বৈজ্ঞানিক সেমিনারে লিভার ক্যান্সারের আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা: বিশ্বজিৎ ভৌমিক এবং এনাম মেডিকেল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো. আসাদুজ্জামান নূর।

সেমিনারে লিভার ক্যান্সারের চিকিৎসায় লোকোরিজিওনাল থেরাপি, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (এসবিআরটি), সার্জিক্যাল রিসেকশন ও লিভার ট্রান্সপ্লান্টেশনের আধুনিক প্রয়োগ এবং সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অধিবেশনে লিভার ক্যান্সার রেজিস্ট্রির অগ্রগতিও তুলে ধরা হয়। দেশে এ রোগের প্রকৃত চিত্র, ঝুঁকির ধরন ও চিকিৎসার ফলাফল সম্পর্কে তথ্যভিত্তিক গবেষণার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এদিকে, হেপাটোলজি বিভাগের উদ্যোগে গত আগস্ট থেকে ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছে। আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে অধ্যাপক ডা: বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা: মো. গোলাম আযম, অধ্যাপক ডা: এবিএম শাকিল গনি, অধ্যাপক ডা: আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক ডা: আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ডা: মো. ফজল করিম, অধ্যাপক ডা: মো. মোহছেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা: মো. খালেকুজ্জামান, ডা: সাইফ উদ্দিন নিসার আহমেদ ও ডা: মো. সাইফুল ইসলাম এলিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন