ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা কলেজে শিবিরের মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০০, ০৪-১০-২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা কলেজে শিবিরের মশক নিধন অভিযান

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশক নিধনের ওষুধ স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

রোববার (৪ অক্টোবর) সকাল থেকে কলেজের বিজয় চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন শিবিরের নেতাকর্মীরা।

ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহম্মেদ বলেন, ‘আমাদের ক্যাম্পাসের হল ও মেসগুলোতে সম্প্রতি অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। শুধু শিক্ষার্থীই নয়, অনেক সাধারণ মানুষও এতে আক্রান্ত হচ্ছেন। আমরা চাই না ক্যাম্পাসে ডেঙ্গুর মতো এই মহামারি বিস্তার লাভ করুক বা শিক্ষার্থীরা কোনো দুর্ভোগের শিকার হোক। তাই ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখতে ও রোগ প্রতিরোধে আমাদের আজকের এই উদ্যোগ।’

তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হলো এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। আজকের অভিযানের মাধ্যমে আমরা এ ধরনের জমে থাকা পানি ও মশার প্রজননস্থলগুলো ধ্বংস করব। আজকের কর্মসূচিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় কাজগুলো সম্পন্ন করব। ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সানি বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজনস্থল ধ্বংস ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান হিসেবে আমরা আজকে আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি। গত কিছুদিন বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গাতে পানি জমার ফলে এডিস মশার যে লার্ভা জন্ম নিয়েছে, সেখান থেকে এডিস মশার জন্ম হচ্ছে। এর মাধ্যমে ক্যাম্পাসে বা ঢাকা শহরে ডেঙ্গু মহামারির আকার ধারণ করেছে।’

তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ভালো ব্যবস্থা না থাকার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সমস্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে আজকে এই অভিযান শুরু করেছি।’

এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কলেজ প্রশাসনের কাছে ক্যাম্পাসে নিয়মিত মশা নিধন কর্মসূচি চালু রাখার আহ্বান জানান ছাত্রশিবিরের নেতারা।

কর্মসূচিতে ঢাকা কলেজ শিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সানিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন