ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

চিকিৎসাসেবায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪৭, ০৯-১০-২০২৬

চিকিৎসাসেবায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান

ছবি: মেডিকেল পোস্ট

চিকিৎসাপেশায় নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সময়ানুবর্তিতা চর্চার পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা।

গতকাল (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নতুন অডিটোরিয়ামে আয়োজিত সীরাত সেমিনারে তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সময়ের সঠিক ব্যবহার ও আত্মোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি রাতে দ্রুত ঘুমানো, ফজরে জাগ্রত হওয়া ও নিয়মিত হাঁটাচলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। প্রশ্নোত্তর পর্বে চিকিৎসাপেশা, ক্যারিয়ার ও চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফিকহি বিষয়েও আলোচনা করেন তিনি।

বিশেষ আলোচক ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়ার খতিব শায়খ মুফতি সাইফুল ইসলাম তরুণ প্রজন্মের আদর্শ নির্ধারণে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সাময়িক মোহের পরিবর্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-কে আদর্শ হিসেবে গ্রহণের আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ ও সীরাত সেমিনার বাস্তবায়ন কমিটির সভাপতি ডা: মো. আইনুল ইসলাম খান সীরাত সেমিনারকে কলেজের নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে আয়োজনের ঘোষণা দেন। একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন ও অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মির্জা গোলাম সারওয়ার মুন বলেন, সীরাত থেকে অর্জিত বিনয়, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথি ও সিকেডি হাসপাতালের কিডনি ও ইউরোলজি বিশেষজ্ঞ ডা: মো. কামরুল ইসলাম সীমিত সম্পদের মধ্যেও সন্তুষ্ট থাকা, অর্থের প্রতি অতিরিক্ত আসক্তি পরিহার এবং জ্ঞান ও দক্ষতার মাধ্যমে মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠান শেষে সীরাত সেমিনার বাস্তবায়ন কমিটির উদ্যোগে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এমপি/ আরআই

আরও পড়ুন