শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪১, ০৪-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (৪ অক্টোবর) সকালে ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে শাবিপ্রবিতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুস্থ ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, যাতে ডেঙ্গুসহ সার্বিক স্বাস্থ্যঝুঁকি থেকে সবাই মুক্ত থাকতে পারে।
ক্যাম্পাসের বিশাল আয়তনের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, প্রাথমিক ধাপে পরিচ্ছন্নতার কাজ দ্রুত সম্পন্ন করতে ৭০ জনের বেশি বহিরাগত শ্রমিক এনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ জন্য ক্যাম্পাসকে ছয়টি জোনে ভাগ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন ও বিভাগ নিয়মিত পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজেদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান উপাচার্য। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্র ও ভবন পরিচ্ছন্ন রাখার চর্চা বজায় রাখলে পুরো ক্যাম্পাস সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সব হল, শিক্ষায়তনিক ভবন, প্রশাসনিক ভবন, আবাসিক এলাকা ও আশপাশের উন্মুক্ত স্থানে এডিস মশার লার্ভা ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমপি/ আরআই