ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ফার্মা ফেস্ট ঘিরে ফ্ল্যাশমবে মাতল এনএসইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২১, ০৪-১০-২০২৬

ফার্মা ফেস্ট ঘিরে ফ্ল্যাশমবে মাতল এনএসইউ

ছবি: মেডিকেল পোস্ট

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) বর্ণাঢ্য ফ্ল্যাশমবের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ফার্মা ফেস্ট অ্যান্ড আইসিপিএস’-এর অফিসিয়াল কাউন্টডাউন।

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গান, নাচ, সৃজনশীলতা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৮ থেকে ১২ অক্টোবর এনএসইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ‘ফার্মা ফেস্ট অ্যান্ড আইসিপিএস ২০২৬’। মূল আয়োজনের আগাম উদ্‌যাপন হিসেবে আয়োজিত ফ্ল্যাশমবে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

আয়োজকদের মতে, ফ্ল্যাশমবটি শুধু একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়; এর মাধ্যমে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা, দলীয় মেলবন্ধন ও উদ্দীপনার প্রকাশ ঘটেছে। আসন্ন উৎসবকে ঘিরে নিজেদের যৌথ উৎসাহ উদযাপন করতেই শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেন।

‘ফার্মা ফেস্ট অ্যান্ড আইসিপিএস ২০২৬’-এ একাডেমিক, সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক বিভিন্ন আয়োজন থাকবে। এতে শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী ও ফার্মেসি-অনুরাগীরা শিখন, পারস্পরিক সহযোগিতা, সৃজনশীলতা ও সুস্থ প্রতিযোগিতার সুযোগ পাবেন।

মূল উৎসবের চূড়ান্ত প্রস্তুতির মধ্যে ফ্ল্যাশমবের মাধ্যমে ক্যাম্পাসে উৎসবের আবহ তৈরি হয়েছে। সুর ও ছন্দের এই আয়োজন পুরো এনএসইউকে আসন্ন উৎসবের প্রত্যাশায় মুখর করে তুলেছে।

এমপি/ আরআই

আরও পড়ুন