ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

১৬ মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ ছাত্রদল নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৫, ০৩-১০-২০২৬

১৬ মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ ছাত্রদল নেতাকে শোকজ

ছবি: মেডিকেল পোস্ট

দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে ১৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ২৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ এবং সদস্য সচিব মোস্তাফিজুল কবীরের সই করা পৃথক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট নেতারা নিজ নিজ কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকলেও সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে তাদের অনুপস্থিতি সংগঠনের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে।

এতে আরও বলা হয়, এসব কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত জবাব দিতে হবে।

শোকজপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক; বসুন্ধরা আদ্-দীন মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব; বাংলাদেশ ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব; সিটি ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ ছাড়া ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক; গ্রীন লাইফ মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক; ইবনে সিনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক; সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক; আশিয়ান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন শোকজের তালিকায়।

শোকজপ্রাপ্ত অন্যরা হলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনাইটেড মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক।

এর আগে গত আগস্টে দেশের ৭৮টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে তানজীম রুবাইয়াত আফিফ এবং সদস্য সচিব হিসেবে মোস্তাফিজুল কবীর দায়িত্ব পান।

এমপি/ আরআই

আরও পড়ুন