ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

এমআরএনএ ফ্লু ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়ালে যাচ্ছে জিএসকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১৫, ০১-০৯-২০২৬

এমআরএনএ ফ্লু ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়ালে যাচ্ছে জিএসকে

ছবি: মেডিকেল পোস্ট

এমআরএনএ প্রযুক্তির মৌসুমি ফ্লু ভ্যাকসিনের প্রার্থীকে চূড়ান্ত পর্যায়ের (লেট-স্টেজ) পরীক্ষায় নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিএসকে। মধ্যম পর্যায়ের পরীক্ষায় ভ্যাকসিনটি তরুণ ও বয়স্ক উভয় শ্রেণির মানুষের মধ্যে বর্তমানে অনুমোদিত স্ট্যান্ডার্ড ও হাই-ডোজ ফ্লু টিকার তুলনায় বেশি শক্তিশালী রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসেই ভ্যাকসিনটির লেট-স্টেজ ট্রায়াল শুরু করার পরিকল্পনা করেছে জিএসকে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি হবে এমন একটি এমআরএনএ ফ্লু ভ্যাকসিনের প্রথম চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা, যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের পৃষ্ঠের দুটি গুরুত্বপূর্ণ প্রোটিন—হেমাগ্লুটিনিন ও নিউরামিনিডেজ—লক্ষ্য করে তৈরি করা হয়েছে। জিএসকের ধারণা, এই পদ্ধতি ফ্লুর বিরুদ্ধে সুরক্ষা বাড়ানোর পাশাপাশি ভাইরাসের সংক্রমণ ছড়ানোর হার কমাতেও সহায়ক হতে পারে।

এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রে মৌসুমি ফ্লুর জন্য প্রথম এমআরএনএ টিকা অনুমোদন পায়। মডার্নার তৈরি ‘এমফ্লুসিভা’ নামের ওই টিকা ৫০ বছর বা তার বেশি বয়সীদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এই উদ্যোগ জিএসকের ওষুধ উন্নয়ন কার্যক্রম দ্রুত করার পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ ২৫টি লেট-স্টেজ গবেষণা শুরু করার লক্ষ্য নিয়েছে। নতুন ওষুধ বাজারে আনার গতি বাড়াতে প্রধান নির্বাহী কর্মকর্তা লুক মিয়েলসের নেতৃত্বে সম্প্রতি কোম্পানির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে।

জিএসকে জানিয়েছে, এমআরএনএ ফ্লু ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলতি মাসেই শুরু হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন