ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

ক্যান্সারের ওষুধে জিএসকের সঙ্গে হাচমেডের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:২১, ০৩-০৯-২০২৬

ক্যান্সারের ওষুধে জিএসকের সঙ্গে হাচমেডের চুক্তি

ছবি: মেডিকেল পোস্ট

ক্যান্সারের চিকিৎসায় পরীক্ষামূলক একটি ওষুধের উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের জন্য ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিএসকের সঙ্গে লাইসেন্সিং চুক্তি করেছে চীনা ওষুধ কোম্পানি হাচমেড। চুক্তির আওতায় ওষুধটির অধিকার পেতে হাচমেডকে ১১ কোটি ডলার অগ্রিম দেবে জিএসকের সহযোগী প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি লিমিটেড।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চুক্তির ঘোষণা দেয় হাচমেড। খবর প্রকাশের পর হংকংয়ে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশ বেড়ে যায়।

এইচএমপিএল-এ৮৩০ নামের পরীক্ষামূলক ওষুধটির প্রাথমিক ক্লিনিক্যাল উন্নয়ন হবে কোলোরেক্টাল, অগ্ন্যাশয় ও ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ে। চীনে ওষুধটির একটি দুই-পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল ইতোমধ্যে পরিকল্পনায় রয়েছে, যেখানে সলিড টিউমারে আক্রান্ত রোগীদের ওপর এর কার্যকারিতা পরীক্ষা করা হবে।

চুক্তি অনুযায়ী, উন্নয়ন, নিয়ন্ত্রক অনুমোদন ও বাণিজ্যিক মাইলফলক অর্জনের ভিত্তিতে হাচমেড আরও প্রায় ১২০ কোটি ডলার পর্যন্ত পেতে পারে। মূল অগ্রিম অর্থের বাইরে এসব অর্থ ধাপে ধাপে দেওয়ার কথা রয়েছে।

জিএসকের সহযোগী প্রতিষ্ঠানটি চীনের মূল ভূখণ্ড, হংকং, ম্যাকাও ও তাইওয়ান ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলে এইচএমপিএল-এ৮৩০ এর উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের অধিকার পাবে।

হাচমেড জানিয়েছে, ওষুধটির প্রথম ধাপের ক্লিনিক্যাল উন্নয়ন কর্মসূচি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কথা। তবে কোন কোন দেশে এবং নির্দিষ্ট কোন রোগীদের ওপর প্রথম ধাপের পরীক্ষা চালানো হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কোম্পানিটি।

এমপি/ আরআই

আরও পড়ুন