ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

সোরিয়াসিসের চিকিৎসায় নতুন ওষুধ পেল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২১, ২৮-০৮-২০২৬ | আপডেট: ৮:২১, ২৮-০৮-২০২৬

সোরিয়াসিসের চিকিৎসায় নতুন ওষুধ পেল চীন

ছবি: মেডিকেল পোস্ট

সোরিয়াসিসের চিকিৎসায় জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) মুখে খাওয়ার ওষুধ আইকোটাইড অনুমোদন দিয়েছে চীনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। মাঝারি থেকে গুরুতর মাত্রার প্লাক সোরিয়াসিসের চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা যাবে।

শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে (২৭ আগস্ট) জেঅ্যান্ডজে এক বিবৃতিতে এ তথ্য জানায়। এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওষুধের বাজারে সোরিয়াসিসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধের প্রতিযোগিতা আরও বাড়ল।

সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগ। এতে ত্বকে চুলকানি, খসখসে ভাব ও প্রদাহযুক্ত দাগ তৈরি হয়। জেঅ্যান্ডজের তথ্য অনুযায়ী, চীনে ৮৪ লাখের বেশি মানুষ এ রোগে আক্রান্ত।

আইকোটাইড দিনে একবার মুখে খাওয়ার ওষুধ। বাজার বিশ্লেষকদের মতে, নিরাপদ ও কার্যকর ওরাল চিকিৎসা হিসেবে ওষুধটির বড় বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। এটি স্কাইরিজি ও ট্রেমফিয়ার মতো ইনজেকশনভিত্তিক চিকিৎসার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।

চীনের বাজারে সোরিয়াসিসের চিকিৎসায় জেঅ্যান্ডজের ট্রেমফিয়া, ব্রিস্টল মায়ার্স স্কুইবের সোটিকটু এবং অ্যাবভির স্কাইরিজিসহ বিভিন্ন ওষুধ রয়েছে। নতুন করে আইকোটাইড অনুমোদনের ফলে এসব ওষুধের সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়বে।

এদিকে চীনের ইনোকেয়ার ফার্মা ও জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সোরিয়াসিসের জন্য মুখে খাওয়ার নতুন ওষুধ তৈরির কাজ করছে। বর্তমানে বিশ্ববাজারে এ রোগের চিকিৎসায় ইনজেকশনভিত্তিক ওষুধের আধিপত্য রয়েছে।

চীনের বাজারে আইকোটাইডের মূল্য, সরবরাহ ও বিক্রির লক্ষ্যমাত্রা সম্পর্কে জেঅ্যান্ডজে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এমপি/ আরআই

আরও পড়ুন