শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৯, ১৬-০৮-২০২৬ | আপডেট: ৭:৫৩, ১৬-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ঔষধ প্রশাসন শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২২ জানুয়ারি জারিকৃত এবং ২৯ জানুয়ারি গেজেটে প্রকাশিত ‘ঔষধের মূল্য নির্ধারণ পদ্ধতি, ২০২৬ (অ্যালোপ্যাথিক)’ এবং ‘অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা, ২০২৬ (অ্যালোপ্যাথিক)’ বাতিল করা হয়েছে।
এর আগে, ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুটি প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নের আগে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ২০২৬ সালের তালিকা প্রণয়নের ক্ষেত্রে এ বিধান অনুসরণ করা হয়নি।
এ কারণে তালিকাটির বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয় এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৯ জুন ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
তবে ২০২৬ সালের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল হলেও ১৯৯৪ সালের আদেশ অনুযায়ী প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং সেসব ওষুধের সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে।
সরকার জানিয়েছে, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা হবে। একই সঙ্গে ওষুধের মূল্য এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে।
এমপি/ আরআই