ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৭, ৩০-০৯-২০২৬

বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘রোগী কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা: মিল্টন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) ও রোগী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডা: মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগী এবং তাদের পরিবারের কল্যাণে সমিতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অসহায় মানুষের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে দুইজনের মাঝে সেলাই মেশিন এবং জীবিকা নির্বাহে সহায়ক হিসেবে চা তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়। এ ছাড়া অসহায় রোগীদের সহায়তায় ওষুধ ও হুইলচেয়ার প্রদান করা হয়।

এ ছাড়া, রোগী কল্যাণ সমিতির সমাজসেবামূলক কার্যক্রমে সহযোগিতা ও অনুদান দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাও দেওয়া হয়।

সভায় অতিথিরা বলেন, রোগী কল্যাণ সমিতির কার্যক্রম শুধু চিকিৎসাসেবা গ্রহণে সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, দাতা সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় রোগী কল্যাণ সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগীর সংখ্যা বৃদ্ধি, অনুদান সংগ্রহের পরিধি সম্প্রসারণ, অসহায় রোগীদের প্রয়োজনভিত্তিক সহায়তা এবং কর্মমুখী পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: মোস্তফা কামাল, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: মো. সোহেল মাহমুদ আরাফাত, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা: হাসনাত আহসান এবং উপ-পরিচালক (হাসপাতাল) ডা: মোহাম্মদ আবু নাছেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন