শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫৬, ০৪-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (৩ আগস্ট) এলি লিলি জানায়, যেসব রোগী নির্ধারিত চিকিৎসাগত মানদণ্ড পূরণ করেন কিন্তু চলমান ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিতে পারেন না, তাদের জন্য এক্সপ্যান্ডেড অ্যাকসেস প্রোগ্রাম চালু করা হয়েছে। স্বাস্থ্যসেবাদাতাদের পাঠানো আবেদনগুলো ইতোমধ্যে পর্যালোচনা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, যেসব রোগীর ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ নেই এবং চিকিৎসাগতভাবে রেটাট্রুটাইড প্রয়োজন, তাদের জন্য এফডিএর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ওষুধটি আগাম সরবরাহ করা হবে।
এই কর্মসূচির আওতায় ওষুধ পেতে রোগীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অনুমোদিত সর্বোচ্চ মাত্রার স্থূলতা-নিয়ন্ত্রণ ওষুধ সেবনের পরও স্থূলতা নিয়ন্ত্রণে না এলে এবং স্থূলতাজনিত অন্তত দুটি গুরুতর বা প্রাণঘাতী জটিলতার চিকিৎসা চলমান থাকলে তিনি আবেদন করতে পারবেন। পাশাপাশি চলমান রেটাট্রুটাইড বা সমজাতীয় কোনো ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণের সুযোগ না থাকাও শর্তের মধ্যে রয়েছে।
রেটাট্রুটাইড এমন একটি পরীক্ষামূলক ওষুধ, যা জিএলপি-১, জিআইপি ও গ্লুকাগন—এই তিনটি বিপাকীয় হরমোনকে একসঙ্গে লক্ষ্য করে কাজ করে। বর্তমানে এলি লিলির বাজারে থাকা স্থূলতা-নিয়ন্ত্রণ ইনজেকশন জেপবাউন্ড কেবল জিএলপি-১ ও জিআইপি-এর ওপর কাজ করে।
গত জুলাইয়ে এলি লিলি জানায়, গুরুতর স্থূলতা ও হৃদ্রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ওপর পরিচালিত ৮০ সপ্তাহের এক গবেষণায় রেটাট্রুটাইডের সর্বোচ্চ সাপ্তাহিক ডোজ গ্রহণকারীদের গড়ে ২২ দশমিক ৬ শতাংশ ওজন কমেছে।
প্রতিষ্ঠানটি আগামী বছরের প্রথম প্রান্তিকে রেটাট্রুটাইডের অনুমোদনের জন্য মার্কিন এফডিএতে আবেদন করার পরিকল্পনা করেছে।
এমপি/ আরআই