ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

লিভার ট্রান্সপ্ল্যান্টে বিএমইউর সাফল্য, সম্পন্ন ৬টি অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৪, ২২-০৯-২০২৬

লিভার ট্রান্সপ্ল্যান্টে বিএমইউর সাফল্য, সম্পন্ন ৬টি অস্ত্রোপচার

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে সফলভাবে ছয়টি লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আরও চারটি লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য রোগী নির্বাচন ও প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সরকারি বরাদ্দের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের এসব জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি কার্যক্রমের এসব তথ্য তুলে ধরেন বিএমইউর উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী।

তিনি জানান, মোট তিন দফায় ছয়টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়। এর মধ্যে প্রথম দফায় গত ১ ও ২ সেপ্টেম্বর, এরপর ৩ ও ৪ জুলাই এবং সর্বশেষ গত ১১ ও ১২ সেপ্টেম্বর অস্ত্রোপচারগুলো করা হয়। এতে বিএমইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কারিগরি সহযোগিতা দিয়েছে ভারতের হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি (এআইজি) হাসপাতালের বিশেষজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিম।

বিএমইউর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, হেপাটোলজি এবং অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগসহ মোট ১৯টি বিশেষায়িত বিভাগের সমন্বিত প্রচেষ্টায় এসব সার্জারি সম্পন্ন হয়।

সংবাদ সম্মেলনে বিএমইউর ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী আরও জানান, প্রতিটি অস্ত্রোপচারের আগে দাতা ও গ্রহীতার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই এবং যাবতীয় আইনগত ও নৈতিক প্রক্রিয়া যথাযথভাবে নিশ্চিত করা হয়। বর্তমানে সুপার স্পেশালাইজড হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের মাধ্যমে রোগীদের ফলোআপ ও নিয়মিত সেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, রোগীদের আস্থা তৈরি করা চ্যালেঞ্জিং হলেও দৃঢ় মনোবল নিয়ে চিকিৎসাসেবার মান বাড়াতে সবার সহযোগিতা প্রয়োজন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধারাবাহিক কার্যক্রম দেশে উন্নত লিভার ট্রান্সপ্ল্যান্ট সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমপি/ আরআই

আরও পড়ুন