ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

বিএমইউ পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৯, ২৮-০৯-২০২৬

বিএমইউ পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

ছবি: মেডিকেল পোস্ট

চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকার ও কুনমিং বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের দুটি প্রতিনিধি দল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) পরিদর্শন করেছে। চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবায় দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে এ সময় আলোচনা হয়েছে।

গতকাল (২৭ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে চীনা প্রতিনিধি দলটি বিএমইউ পরিদর্শন করে। পরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন বলেন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে চীনের অর্জন ও অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কুনমিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউ কিয়াং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুনমিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এমওইউটি দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। এর আওতায় চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে।

বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা: মো. আবুল কালাম আজাদ বাংলাদেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে বিএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা: মো. রফিকুল ইসলাম বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিএমইউর ভূমিকা এবং সাম্প্রতিক চিকিৎসা অগ্রগতি নিয়ে উপস্থাপনা দেন। তিনি বলেন, জটিল ও বিশেষায়িত রোগের চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন, মিনিমালি ইনভেসিভ সার্জারি ও আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়ছে।

তিনি আরও বলেন, দেশে কিডনি প্রতিস্থাপনের সক্ষমতা ও পরিধি ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। উন্নত সার্জিক্যাল পদ্ধতি, মাল্টিডিসিপ্লিনারি ট্রান্সপ্ল্যান্ট কেয়ার, আধুনিক ইমিউনোসাপ্রেশন এবং অপারেশন-পূর্ব ও পরবর্তী চিকিৎসাব্যবস্থার উন্নয়নে অঙ্গ প্রতিস্থাপনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিএমইউতেও কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেবা সম্প্রসারণ ও আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ইউরোলজিতে মিনিমালি ইনভেসিভ প্রোসিডিউর, এন্ডোইউরোলজি, ল্যাপারোস্কোপিক সার্জারি ও আধুনিক সার্জিক্যাল ইন্টারভেনশনের ব্যবহার বেড়েছে বলেও জানান অধ্যাপক রফিকুল ইসলাম।

বৈঠকে বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সাইফুল ইসলামের সভাপতিত্বে উভয় পক্ষ দুই দেশের স্বাস্থ্য খাতের যৌথ উন্নয়ন কর্মসূচি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে।

এমপি/ আরআই

আরও পড়ুন