ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

উচ্চ কোলেস্টেরল কমাতে নতুন ওষুধের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৩৩, ১৬-০৭-২০২৬

উচ্চ কোলেস্টেরল কমাতে নতুন ওষুধের অনুমোদন

ছবি: মেডিকেল পোস্ট

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) উচ্চ কোলেস্টেরল কমানোর জন্য বিশ্বের প্রথম মুখে খাওয়ার পিসিএসকে-নাইন ইনহিবিটর ওষুধ লিপফেন্ড্রা-র অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের মাধ্যমে ইনজেকশনের বিকল্প হিসেবে নতুন চিকিৎসার সুযোগ তৈরি হলো।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক এ তথ্য জানিয়েছে।

লিপফেন্ড্রা মূলত হাইপারকোলেস্টেরোলেমিয়া বা রক্তে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল বেড়ে যাওয়া রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। অতিরিক্ত এলডিএল কোলেস্টেরল ধমনিতে চর্বি জমিয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

মার্ক জানিয়েছে, লিপফেন্ড্রা বাজারে আসা প্রথম মুখে খাওয়ার পিসিএসকে-নাইন ইনহিবিটর, যেখানে এতদিন এই শ্রেণির ওষুধ কেবল ইনজেকশন হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এই বাজারে অ্যামজেনের রেপাথা এবং রিজেনেরন-সানোফির প্রিলুয়েন্ট আধিপত্য বিস্তার করে আছে।

ওষুধটি পিসিএসকে-নাইন প্রোটিনকে বাধা দিয়ে রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমায়। এটি প্রচলিত স্ট্যাটিন ওষুধের থেকে ভিন্ন পদ্ধতিতে কাজ করে। স্ট্যাটিন যকৃতে কোলেস্টেরল তৈরির এনজাইমকে বাধা দেয়, আর লিপফেন্ড্রা সরাসরি পিসিএসকে-নাইন প্রোটিনের কার্যকারিতা কমিয়ে এলডিএল নিয়ন্ত্রণে সহায়তা করে।

এফডিএর অনুমোদন দুটি শেষ ধাপের (ফেজ-৩) ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে দেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একবার সেবনযোগ্য এই ওষুধ পারিবারিকভাবে উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত রোগী এবং স্ট্যাটিন গ্রহণকারী রোগীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্যভাবে এলডিএল কোলেস্টেরল কমাতে সক্ষম।

মার্ক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৩০ দিনের সরবরাহের ভিত্তিতে ওষুধটির দৈনিক মূল্য হবে ১০ দশমিক ৫০ ডলার।

মার্কের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্যানসারের ওষুধ কিট্রুডা-র গুরুত্বপূর্ণ পেটেন্ট ২০২৮ সাল থেকে শেষ হতে শুরু করবে। তাই নতুন এই ওষুধের অনুমোদন কোম্পানিটির পণ্যের বৈচিত্র্য বাড়ানোর কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, লিপফেন্ড্রা-র বার্ষিক বিক্রির সম্ভাবনা ভবিষ্যতে কয়েক দশক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এছাড়া জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় ওষুধটি এফডিএর ন্যাশনাল প্রায়োরিটি ভাউচার কর্মসূচির আওতায় দ্রুত পর্যালোচনার সুবিধাও পেয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন