ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ভারতে ফ্যাটি লিভারের চিকিৎসায় ওয়েগোভির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৫৩, ১৭-০৭-২০২৬

ভারতে ফ্যাটি লিভারের চিকিৎসায় ওয়েগোভির অনুমোদন

ছবি: মেডিকেল পোস্ট

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) স্থূলতা কমানোর ওষুধ ওয়েগোভিকে ফ্যাটি লিভারের গুরুতর ধরন মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিসের (ম্যাশ) চিকিৎসায় ব্যবহারের অনুমোদন দিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে ডেনমার্কভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটি জানায়, ওয়েগোভির ২.৪ মিলিগ্রাম সেমাগ্লুটাইড ইনজেকশন ম্যাশ রোগের চিকিৎসায় ব্যবহারের অনুমোদন পেয়েছে।

ম্যাশ হলো ফ্যাটি লিভার রোগের একটি গুরুতর রূপ। লিভারে অতিরিক্ত চর্বি জমে প্রদাহ ও ক্ষতির সৃষ্টি হলে এ রোগ দেখা দেয়। সময়মতো চিকিৎসা না হলে এটি আরও জটিল লিভার রোগে রূপ নিতে পারে।

নোভো নরডিস্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রতি তিনজনের মধ্যে প্রায় দুজন কোনো না কোনো ধরনের ফ্যাটি লিভার সমস্যায় ভুগছেন। রোগটি সাধারণত প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ সৃষ্টি করে না। ফলে অনেক ক্ষেত্রেই রোগটি অগ্রসর পর্যায়ে পৌঁছানোর পর শনাক্ত হয়।

ওয়েগোভিতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সেমাগ্লুটাইড। এটি আগে থেকেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘমেয়াদি ওজন নিয়ন্ত্রণের জন্য অনুমোদিত।

ভারতে দ্রুত সম্প্রসারিত স্থূলতা-সংক্রান্ত ওষুধের বাজারে নোভো নরডিস্ক বর্তমানে এলি লিলির মাউনজারো এবং ড. রেড্ডিজ ও সান ফার্মার বাজারজাত কম দামের জেনেরিক সেমাগ্লুটাইডের সঙ্গে প্রতিযোগিতা করছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ফার্মার্যাকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে ওয়েগোভির প্রায় ৭৬ হাজার ইউনিট বিক্রি হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন