শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৪৪, ০৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
যুক্তরাজ্যের লিংকনশায়ারে বসবাসকারী ফারাহ কয়েক বছর আগে ইউনিভার্সিটি হসপিটালস অব ডার্বি অ্যান্ড বার্টন এনএইচএস (ইউএইচডিবি) ট্রাস্টে শিক্ষার্থী থাকাকালে এই উদ্যোগ শুরু করেন। অস্ত্রোপচারকক্ষে হিজাব ব্যবহারের ক্ষেত্রে সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ থেকেই এর প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি।
বিবিসি রেডিও ডার্বিকে ফারাহ জানান, তিনি সারা দিন একই হিজাব পরে থাকতেন, যা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকে আদর্শ ছিল না। একবার সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম অনুযায়ী তাকে অস্ত্রোপচারকক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর বিষয়টির সমাধান খুঁজতে কাজ শুরু করেন তিনি।
মালয়েশিয়ায় মেডিকেল শিক্ষা নেওয়ার সময়কার অভিজ্ঞতা ও উপকরণ কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে হিজাবের নকশা ও ব্যবহার পরীক্ষা করেন ফারাহ। পরে এমন একটি হিজাব তৈরি করেন, যা ধর্মীয় পোশাকের বিধান বজায় রাখার পাশাপাশি অস্ত্রোপচারকক্ষের সংক্রমণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাও পূরণ করে। এই ডিসপোজেবল জীবাণুমুক্ত সার্জিক্যাল হিজাব পরে মুসলিম নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম মেনে অস্ত্রোপচারকক্ষে কাজ করতে পারছেন।
ফারাহর পরামর্শক ও ইউএইচডিবি ট্রাস্টের কলোরেক্টাল সার্জন জিল টিয়ারনি জানান, যুক্তরাজ্যে প্রথম ডার্বি অ্যান্ড বার্টন হাসপাতাল ট্রাস্টেই এই হিজাব ব্যবহার করা হয়। তার মতে, দেশটির বিভিন্ন হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে এ ধরনের সমস্যা থাকলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে খুব একটা সমাধান করা হয়নি।
স্বাস্থ্যসেবা খাতে ধর্মীয় পোশাক ও পেশাগত নিরাপত্তার মধ্যে সমন্বয়ের একটি উদাহরণ হয়ে উঠেছে এই উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নারীরা হিজাব পরে ফায়ার সার্ভিস, পুলিশসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পেশায় কাজ করছেন।
এমপি/ আরআই